পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রিমিয়ার একটি কলেজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত ও এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার ক্রিস টেকনিক্যাল কলেজের ক্যাফেটেরিয়ায় বুধবার বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই শিক্ষার্থী। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো গ্যাস বিস্ফোরণের ঘটনা। তবে পরে রাশিয়ার ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা বিষয়টিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন।
কলেজের পরিচালক বলেন, অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তি ক্যাফেটেরিয়ার ভেতরে ঢোকেন। তিনি এ হামলাকে ২০০৪ সালে বসলিনের স্কুল অবরোধের সঙ্গে তুলনা করেন। ওই অবরোধে ৩৩০ জনের মতো লোক মারা যায়।
প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাল থেকে রাশিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এর আগে এটি ইউক্রেনের অংশ ছিল।


