গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

পাথেয় রিপোর্ট : তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গাইবান্ধা প্রতিনিধিন পাঠানো খবরে জানা যায়, সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

নিহত রুবেল মিয়া উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামের দুলু মিয়ার ছেলে। উভয় পক্ষের আহতরা হলেন- দুলু মিয়া, তার মা খাতিমন বিবি, স্ত্রী গোলেনুর বেগম, রেজাউল আলম, আজাদ, আজাদ মিয়ার মা আমেনা বেগম ও আলমগীর হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুলু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দুলু মিয়ার বাড়ির পাশ দিয়ে প্রতিবেশী আমির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার ধানের আঁটি নিয়ে যাওয়ার সময় দুলু মিয়া ও তার লোকেরা বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রুবেল মিয়াসহ উভয় পক্ষের ৮ জন আহত হলে স্বজনরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ৫ ডিসেম্বর বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়ার মৃত্যু হয়।

এদিকে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। এ সময়ে ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

জানা গেছে, ৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার পরে অন্য দিনের মতো সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার কার্যালয়ে আসে নূর হোসেনের এককালের সহযোগী নাজিম উদ্দিন নাজু এবং রাসেল গ্রুপ। এ সময় রাসেল হঠাৎ করে নাজিম উদ্দিন নাজুকে ধাক্কা দেয়। এক পর্যায়ে নাজিম উদ্দিন নাজুও তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে উভয়ের মধ্যে উত্তেজনা বাড়লে তাদের সমর্থকরা জড়ো হয়। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

এক পর্যায়ে নাজিম উদ্দিন নাজু গ্রুপ রাসেল গ্রুপের দুইটি এবং ওই কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেল (যার নং- ঢাকা মেট্টো-ল-২৬-০২৯৯, ঢাকা মেট্টো-ল ৩৪-৬১৮৭, ঢাকা মেট্টো-ল ২৩-২৮০৬) জ্বালিয়ে দেয়। একই সময় নাজু গ্রুপ সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়াস্থ রাসেলের কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

রাসেল নিজেকে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে আসছিল। তবে এ ওয়ার্ডে কোনো কমিটি এখনও হয়নি। ইতিপূর্বে সে বেশ কয়েকবার পুলিশ ও ডিবি পুলিশের হাতে অস্ত্র এবং মাদকসহ গ্রেফতার হয় বলে জানায় দলীয় কর্মীরা।

নাজিম উদ্দিন নাজু ইতিপূর্বে নুর হোসেনের অন্যতম সহযোগী ছিল। তিনি এক বছর পূর্বে সিদ্ধিরগঞ্জপুলস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের একটি অনুষ্ঠানে ও ২৪ নভেম্বর সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার কার্যালয়ের সামনে আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *