চোরাইপথে যুক্তরাষ্ট্রে না আসতে কমলা হ্যারিসের হুঁশিয়ারি

চোরাইপথে যুক্তরাষ্ট্রে না আসতে কমলা হ্যারিসের হুঁশিয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুয়েতেমালার মানুষকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে সোমবার (৭ জুন) এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারীদেরকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণ করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই দায়িত্ব পালনেই মূলত প্রথমবারের মতো গুয়েতামালা সফরে যান কমলা।

পরে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘(অবৈধ পথে) আসবেন না। কেউই আসবেন না। (কেউ অবৈধ পথে প্রবেশ করলে) যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

অবৈধ অভিবাসন ইস্যুকে ‘দীর্ঘদিন ধরে চলমান সমস্যা’ হিসেবে উল্লেখ করে কমলা হ্যারিস বলেন, এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালা ‘একসঙ্গে কাজ করবে’, এটাই আমার চাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *