ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পাথেয় রিপোর্ট : আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে প্রায় ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও স্থানীয় মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার তিনজনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

এরপর রোববার সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ নারী ও বৃদ্ধসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্য একটি সূত্র জানিয়েছে, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী-সমর্থকদের মধ্যে উপজেলা নির্বাচনের পর থেকেই বিরোধ চলে আসছে। তারই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *