টাঙ্গাইলে ইসলাহুলের যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে
পাথেয় রিপোর্ট : ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইলে যৌতুকবিহীন তেইশ জোড়া যুবক যুবতির বিয়ে সম্পন্ন হয়েছে। দেশে যৌতুকবিহীন বাস্তব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ দেশের সর্বত্র এ আয়োজন করে চলেছে। এবার তেইশ জোড়া বিয়ে সম্পন্ন হলো টাঙ্গাইলের মধুপুরে।
টাঙ্গাইল জেলার মধুপুর মধুবন কমিউনিটি সেন্টারে এক আনন্দ গণ পরিবেশে যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়।
সভাপতির বক্তৃতায় মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও টাংগাইল জেলা পরিষদ চেয়াম্যান খন্দার শফিউদ্দীন মনি বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের গরিব কন্যাদায় গ্রস্তদের জন্য যৌতুকবিহীন এ বিয়ের আয়োজন মধুপুর তথা সারা দেশের জন্য এক বিরল দৃষ্টান্ত। আমি ভরপুর আনন্দিত। হুযূরের দীর্ঘায়ু কামনা করি।
খন্দার শফিউদ্দীন মনি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হুজুরের সংস্থা থেকে এই বিবাহের বর ও কনের জন্য যে উপহার দেয়া হয়েছে তা দ্বারা তারা অনেক উপকৃত হবে।
উল্লেখ্য, বর কনেকে দেয়া হয় একটি শেলাই মেশিন, ১টি ছাগল, প্রয়োজনীয় আসবাব পত্রসহ অনেক মালামাল।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের টাংগাইল জেলা প্রতিনিধি মাওলানা হুমায়ুন কবির বলেন, আমার আজ বড়ই আনন্দ হচ্ছে, আমাদের এলাকার সন্তানেরা যৌতুকবিহীন বিয়ের মাধ্যমে যৌতুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর মাধ্যমে অন্যান্য তরুণরাও যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী হবে বলেই আমার বিশ্বাস।
বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা উবায়দুর রহমান বলেন, আল্লামা মাসঊদ একটা শক্তির নাম। জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি সফল হয়েছেন। কওমী মাদরাসার স্বীকৃতি নিয়ে কাজ করেছেন তা বাস্তবায়ন করে ছেড়েছেন। বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত করার জন্য কাজ করছেন তিনি দেশে বিদেশে। বাংলাদেশের সম্মান এখন ওআইসি, রাবেতা, জাতিসংঘসহ বিশ্বের খ্যাতনামা দেশগুলো তার কাছ থেকে এ চিন্তা ধার নিচ্ছে। তাদের দেশে কীভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করবে। যৌতুকের বিরুদ্ধেও হযরতের এই উদ্যোগ একদিন সফল হবে ইনশাআল্লাহ।
ইসলাহু মুসলিমীন পরিষদের ২৩ জোড়া যৌতুকবিহীন গণ বিবাহ পরিচালনা করেন ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের টাংগাইল জেলা প্রতিনিধি মাওলানা হুমায়ুন কবির, এ ছাড়াও উপস্থিত ছিলেন ময়মসিংহ জেলা প্রতিনিধি মাওলানা উবায়দুর রহমান, মাওলানা আনিসুল ইসলাম ও মুফতি নুরুদ্দীন জামালী।
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : দিদার হোসাইন তারেক



