টিকিটের সময় পরিবর্তনের ফি মওকুফে সব এয়ারলাইন্সকে চিঠি

টিকিটের সময় পরিবর্তনের ফি মওকুফে সব এয়ারলাইন্সকে চিঠি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমানের টিকিটের সময় পরিবর্তনের ফি মওকুফের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সব এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত ফি মওকুফের জন্য সব এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বিরাজ করছে বৈরী পরিবেশ। এই অবস্থায় অনেকে ঢাকার বাইরে, আবার অনেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট ক্রয় করেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে তাদের অনেকে গন্তব্য পৌঁছতে পারেনি। এতে অনেক যাত্রীর ফ্লাইট মিস হয়। নিয়ম অনুযায়ী ফ্লাইট মিস হলে ওই ফ্লাইটের যাত্রীকে নির্ধারিত টিকিটের তারিখ পরিবর্তনের জন্য বাড়তি ফি গুনতে হয়। যাত্রীদের এই সমস্যার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক সব এয়ারলাইন্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তারিখ পরিবর্তনের ফি মওকুফ করার জন্য অনুরোধ করেন।

গতকাল এই প্রসঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন একাধিক গণমাধ্যমকে জানান, শাহজালাল আন্তর্র্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক আছে। তবে চলমান বিরূপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্য ডাইভার্ট করতে হয়নি, যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য স্বস্তির বিষয় বলে উল্লেখ করেন তিনি।

Related Articles