পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে থেকে প্রতিদিন ৪ ঘণ্টা করে বন্ধ রাখা হবে সব সিএনজি ফিলিং স্টেশন। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আজ থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।
এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে মঙ্গলবার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রোবাংলা। সভায় স্টেশন মালিকরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেয়।
সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের দাবির মুখে ৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


