নবীজীর তরিকায় জৈবিক প্রয়োজন পূরণেও সওয়াব : আল্লামা মাসঊদ

নবীজীর তরিকায় জৈবিক প্রয়োজন পূরণেও সওয়াব : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে প্রাত্যহিক জীবনের যেকোনো প্রয়োজন পূরণ করলেও আল্লাহ তাআলা তাতে সওয়াব রেখেছেন বলে জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ শুক্রবার (২১ অক্টোবর) হাজীপাড়া ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

ইসলাম ধর্মে জীবনের প্রতিটি বিষয় পরিপূর্ণতা পেয়েছে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, হযরত সালমান ফারসী রা. অনেক বড় সাহাবী ছিলেন। একবার তাঁকে জনৈক ইয়াহুদী টিটকারি করে বলল, তোমাদের নবী নাকি পেশাব-পায়খানার মতো তুচ্ছ জিনিসও তোমাদেরকে শেখায়!

জবাবে হযরত সালমান ফারসী রা. বললেন, হ্যাঁ। তিনি আমাদেরকে তা শেখান। তিনি বলেছেন, ইস্তেঞ্জার সময় আমরা যেন কিবলামুখি হয়ে বা কিবলার দিকে পিঠ দিয়ে না বসি। ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করি।

ইয়াহুদীর টিটকারির জবাবে হযরত সালমান ফারসী রা. ইসলামের পূর্ণতা দেখিয়ে দিলেন। তুমি যেটাকে আমার নবীর অপূর্ণতা বলছ আসলে সেটাই আমার নবীর পূর্ণতা। আমার নবী তো এমন একটা দীন নিয়ে এসেছেন, যেখানে প্রাত্যহিক জীবনের তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসও শেখানো হয়।

নবীজীর তরীকায় পানাহার করলে বা জৈবিক চাহিদা পূরণ করলে তাতেও সওয়াব রয়েছে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, খাবার খাওয়া, জামা পরা, ঘুমানো, পেশাব-পায়খানা করা, বিবাহ-শাদী করা এসব কিছুই আমাদের জীবনের অপরিহার্য অংশ। এসব ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু এসব আমরা কেবল নিজেদের চাহিদার জন্যই করবো না, বরং নবীজীর তরীকা অনুযায়ী করবো।

জামা আমাকে পরতেই হবে, চাইলে আমি বা হাত দিয়ে জামা পরিধান শুরু করতে পারি, কিন্তু আমি তা করবো না। আমি জামা পরবো ডান হাত দিয়ে। কারণ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে করেছেন।

নবীজী যেভাবে খানা খেয়েছেন, যেভাবে জামা পরেছেন, যে পদ্ধতিতে পেশাব-পায়খানা করেছেন, যে তরীকায় স্ত্রীগমন করেছেন এসব কিছু আমরা নিজেদের জীবনে অনুসরণ করবো। আর তখনই আল্লাহ তাআলা এতে সওয়াব দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করবেন।

জুমার নামাজে উপস্থিত সবাইকে নবীজীর সুন্নাত পালনের প্রতি বিশেষ আহ্বান করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আসুন, আমরা রবিউল আওয়াল মাসে প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের অনুসরণ করবো। রাসূলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসবো।

বয়ান শেষে যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ আলেমেদ্বীন, সদ্যপ্রয়াত মাওলানা আব্দুল আহাদ রহ.-এর জন্য মুসুল্লীদের নিকট দুআ কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *