পাথেয় রিপোর্ট : নোয়াখালীতে বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী জেলা শাখার কার্যালয় উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আসর বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী জেলার প্রধান উপদেষ্টা মুফতি আব্দুর রহীম।
বাংলাদেশ জমিয়তুল উলামা একটি সেবা মূলক সংগঠন মন্তব্য করে উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি আব্দুর রহীম বলেন, আমরা সবাই চাই একটি আলোকিত সমাজ গঠন করতে, শান্তির পরিবেশ সৃষ্টি করতে। আলেম ও জনসাধারণের পথচলা একটি সামিয়ানার নিচে নিয়ে আসতে। বাংলাদেশ জমিয়তুল উলামা এই সব লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। জমিয়ত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। তিনি বলেন, জমিয়তের কার্যক্রমগুলো আমাদের আকাবির ও আসলাফের রেখে যাওয়া এক আমানত। এক দাওয়াতি মিশন। এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের সকলেরই কর্তব্য।
জমিয়তুল উলামার কার্যক্রম আরো বেগবান করার আহ্বান জানিয়ে জেলা আহ্বায়ক মাওলানা আহমদ সিরাজী বলেন, আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ে আমাদের এই অঞ্চলে যেভাবে জমিয়তকে একটা বাঁকে নিতে পেরেছি, সেটা একমাত্র আল্লাহর অশেষ কৃপায় সম্ভব হয়েছে। এই সফলতার পেছনে আপনাদের বেনজীর পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ জমিয়তুল উলামা সব লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে সামনে রেখে জমিয়তের কার্যক্রম আরো বেগবান করার কথা বলেন তিনি।
সভাপতির ভাষণে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার কথা উল্লেখ করে খাবিরুল ইসলাম কায়েস বলেন, জমিয়তকে সামনে রেখে আমাদের চারভাবে কাজ করতে হবে। ১. দাওয়াত। ২. তালীম। ৩. ইনফাক ফি সাবীলিল্লাহ। ৪. দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। তিনি বলেন, বর্তমান সমাজ আমাদের অনুকূলে নেই। সমাজকে আমাদের করে নিতে হবে। আলেম ও জনতার মাঝে সেতু বন্ধন আমাদেরই করতে হবে।
খাবিরুল ইসলাম কায়েস বলেন, আগামী জুলাই মাসের ২৯, ৩০, ৩১ রোজ সোম, মঙ্গল, ও বুধবার নোয়াখালী সফর আসবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সফরকে শতভাগ সফলতার আলো দেখাতে এখনই জমিয়ত কর্মীদেরকে জোরদার পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার নোয়াখালী জেলার প্রধান উপদেষ্টা মুফতি আব্দুর রহীম, জেলা আহ্বায়ক মাওলানা আহমদ সিরাজী, সদস্য সচিব খাবিরুল ইসলাম কায়েস, সদর জেলার আহ্বায়ক মাওলানা আবদুল ওয়াদুদ, সেনবাগ থানার আহ্বায়ক হাফেজ মাহদী হাসান, জেলা সদস্য হাফেজ আব্দুল্লাহ ও নাসির উদ্দিন প্রমুখ।


