পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়লেন ওয়াইসি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পার্লামেন্ট লোকসভায় দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়তে ছিঁড়তে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, আমি এই বিলের কপি ছিঁড়ে দিচ্ছি। কারণ, এটি হিন্দুস্তানের সংবিধানকে ধ্বংসের চেষ্টা করছে।
ছিঁড়ার সময় তিনি হিন্দুস্তানের জাতির পিতা মাহাত্মা গান্ধীও এমন একটি বিল ছিঁড়েছিলেন বলে মন্তব্য করেন।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে সোমবার ( ৯ ডিসেম্বর) পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। দুপুরে বিলটি আলোচনার জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর রাত সাড়ে ১২টায় পাস হয়।
বিলের ওপর আলোচনা করতে গিয়ে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়ে ফেলেন।
মঙ্গলবার নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে সংসদে বক্তব্য রাখছিলেন ওয়াইসি।
তিনি এসময় বলেন, এরফলে দেশের আরও একটি বিভাজনের পথ প্রশস্ত হবে। এই আইন হিটলারের আইনের চেয়েও খারাপ। এই বিল ভারতের সংবিধানের বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান। মুসলিমদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ওয়াইসি এসময় প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য উল্লেখ করে এনআরসি ও নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন। এরপরে বক্তব্য শেষ করেই তিনি বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। ওই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি’র সিনিয়র নেতা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ওয়াইসি সংসদের সিনিয়র সদস্য উনি সংসদকে অসম্মান করেছেন।
এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তার দল যেকোনো ভাবেই হোক এর বিরোধিতা করবে এবং অন্যান্য দলকেও বিরোধিতা করার অনুরোধ করবে।
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘সংবিধানে ‘নাগরিকত্ব’কে ধর্মের সাথে যুক্ত করা হয়নি। এই প্রথম এমন ঘটছে যখন বিজেপি সরকার তার আসল চেহারা দেখাচ্ছে!’ ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে তিনি তাঁর আদর্শ অনুসরণ করছেন, সংবিধানের নয়। এটি সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন!’
ওয়াইসি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের পরে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি আসবে, এরমধ্যে ‘যারা মুসলিম নয়’ তাঁরা সকলেই নাগরিকত্ব পাবে। এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক নয় বরং রাষ্ট্রহীন করতে চাচ্ছে। মোদী সরকার দেশকে বিভক্ত করার কাজ করছে।’


