পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতজুড়ে চলছে নাম বদলের খেলা। ভারতে এই খেলায় মেতেছে মোদির সরকার। আগামী নির্বাচনে পার পাওয়ার জন্য মোদি নামবদলের খেলাকে সামনে আনছেন বলে একটি সূত্রে জানা যায়।
ভারতের বিভিন্ন ঐতিহাসিক শহরের নাম বদল করে পুরোনো নামকে ফের প্রতিষ্ঠা করছে। বিজেপি মনে করে, এতে হিন্দু ভোটকে এককাট্টা করা যাবে। ভারতে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদল করছেন। উত্তর প্রদেশের ঐতিহাসিক মোঘলসরাই স্টেশনের নাম বদল করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন রেখেছেন। বদলে দিয়েছেন এলাহাবাদের নাম। রেখেছেন প্রয়াগরাজ। বদলে দেওয়া হয়েছে ঐতিহাসিক ফৈজাবাদের নাম। রাখা হচ্ছে অযোধ্যা। এবার বিজেপির নেতারা নতুন করে দাবি তুলেছেন ঐতিহাসিক আগ্রার নাম বদলের। আগ্রার সাবেক নাম ‘আগ্রাভন’ ফিরিয়ে আনতে চান তাঁরা।
মুজাফফর নগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর রাখা হবে বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তিনি বলেন, মুজাফফর নগরের ছাড়াও শহরের আরো অনেক নাম পরিবর্তন করা হবে।
সঙ্গীত সোমের দাবি, মুগল শাসকরা দেশের সভ্যতা ও সংস্কৃতি নির্মূল করার কাজ করেছেন। তাঁরা মৌলবাদের নামে, হিন্দুত্বকে শেষ করার কাজ করেছেন। অনেক আগে থেকে মুজাফফর নগরের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে আসছেন মানুষজন।’ তিনি বলেন, ‘মুজাফফর আলী নামে এক নবাব মুজাফফর নগর নাম দিয়েছিলেন। এবার তাঁরা নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে ও তা পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন।
নামবদলের জন্য বিজেপির হাত তেলেঙ্গানা রাজ্য অবদি চলে এসেছে। রাজ্যের রাজধানী হায়দরাবাদের নাম ভাগ্যনগর করার জন্য দাবি তুলেছেন তেলেঙ্গানার বিজেপির নেতারা। ভারতের এই তেলেঙ্গানা রাজ্যের বিধানসভার নির্বাচন আগামী ৭ ডিসেম্বর। বর্তমানে ক্ষমতায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। তাই বিজেপি ঘোষণা দিয়েছে, তেলেঙ্গানা বিধানসভায় বিজেপি এবার জয়ী হলে হায়দরাবাদের নাম বদল করে সাবেক নাম ভাগ্যনগর রাখা হবে।
যোগীর পথ ধরে নামবদলের খেলায় নেমেছে মোদির রাজ্য গুজরাটও। গুজরাটের পুরোনো রাজধানী আহমেদাবাদের নাম বদল করার উদ্যোগ নিয়েছে গুজরাটের বিজেপির নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সরকার। সুপ্রাচীন এই বাণিজ্যিক শহর আহমেদাবাদের নাম পাল্টে কর্ণাবতী রাখার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল। তিনি গত মঙ্গলবার রাজধানী গান্ধীনগরে বলেছেন, আইনি বাধা না থাকলে আহমেদাবাদকে কর্ণাবতী করা হবে।
এবার নতুন করে আরও দাবি উঠেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম শম্ভাজিনগর, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের নাম ভোজপাল এবং সিমলার নাম শ্যামলা করার।


