মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে ডিএমপি’র কড়া নিরাপত্তা

মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে ডিএমপি’র কড়া নিরাপত্তা

পাথেয় রিপোর্ট : সামনেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতোমধ্যে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশ এলাকায় ডিএমপি’র গৃহীত নিরাপত্তার মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশের সকল এলাকা জুড়ে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা, প্রতিটি প্রবেশ গেটে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ে স্থাপন করা এবং আগত দর্শনার্থীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা দেহ তল্লাশী ও হ্যান্ড ব্যাগ চেকিংয়ের আওতায় আনা, মহিলাদের দেহ তল্লাশীর ক্ষেত্রে প্রতিটি গেটে পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ মোতায়েন রাখা, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় অধিকতর নিরাপত্তার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা, স্থাপিত সিসিটিভি সমূহ ২৪ ঘন্টা শহীদ মিনারের পার্শে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা বোম্ব ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বিশেষ নজরদারির আওতায় আনার লক্ষ্যে ওয়াচ টাওয়ার স্থাপন করা।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরো রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক প্রবেশ ও বর্হিগমন গেটের ব্যবস্থা রাখা, হকার উচ্ছেদের জন্য পুলিশের আলাদা টিম মোতায়েন থাকবে, বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক ও নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, থাকবে ফায়ার সার্ভিসের ফায়ার টেন্ডার-এ্যাম্বুলেন্স ও লাইটিং ইউনিট, শহীদ মিনার এলাকায় মিডিয়া কর্ণার তৈরি করা। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাম/আইডি কার্ড ব্যতিত প্রবেশ নিষিদ্ধ করা, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সমগ্র এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, শহীদ মিনার এলাকায় ১০টি ভ্রাম্যমান টয়লেট ও মহিলাদের জন্য অতিরিক্ত ২টি ভ্রাম্যমান টয়লেট স্থাপন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শহীদ মিনারের আগত জনসাধারণের তৃষ্ণা মেটাতে কমপক্ষে ১০টি স্থানে বিশুদ্ধ খাবারের পানির ব্যবস্থা করবে ওয়াসা ও প্রস্তুত থাকবে মেডিকেল টিম।

ট্রাফিক ব্যবস্থাপনা ও ডাইভারশন ব্যবস্থা- একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে নির্দিষ্ট স্থানে ব্যানার, দিক নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা এবং ডাইভারশন ব্যবস্থা করা, মহান একুশে ফেব্রুয়ারির পূর্বের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ সন্ধ্যা ০৬ টা হতে ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ রাত ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিতরে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মহান একুশে ফেব্রুয়ারি পালনে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা সম্পর্কে আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে ডিএমপি কমিশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *