পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান,ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শায়খুল হাদীস আল্লামা ফরীদ ঊদ্দীন মাসউদের নেতৃত্বে যশোর চাঁচড়ার মোড়ের দিকে ছুটে চলছে পথযাত্রার বিশাল বহর।
রাজধানী ঢাকা পার হয়ে যশোর চাঁচড়ার মোড়ের দিকে ছুটে চলছে বাংলাদেশ জমিয়তুল উলামার ঐতিহাসিক পথযাত্রার এ বিশাল বহর। প্রায় শতাধিক গাড়ী নিয়ে জমিয়তের এ পথযাত্রা সারাদেশব্যপী শুরু হবে শনিবার যশোর চাঁচড়ার মোড় থেকে।
এর আগে জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে এসে হাজির হয়েছে আগত মুসাফিররা। সবার চোখেমুখে এক উচ্ছাসের দীপ্তি। ভালোলাগার এক অপার্থিব ছায়া তাদের কাজের তৎপরতায়। সবার বেশভূষাই জানান দিচ্ছে এ যেন দীর্ঘ সফরের প্রস্ততি। দ্বীন-ধর্ম, দেশ ও জাতির কল্যাণে আলেম জনতা ঐক্যের এক মহৎ স্লোগান নিয়ে তারা যাবে দেশের পথে পথে। বাংলাদেশকে সমৃদ্ধ করতে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির দৃঢ় আহবান নিয়ে তারা বেরিয়ে পড়বে আর কিছুসময় পরই।
উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীনর মাসঊদের নেতৃত্বে ৬, ৭, ৮ ও ৯ অক্টোবর যশোর চাঁচড়ার মোড় থেকে সুনামগঞ্জ পর্যন্ত এক ঐতিহাসিক পথযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।
মাদরাসার মাঠেই চলছে শেষ সময়ের প্রস্ততিটুকু। কেউ নিজেদের ব্যানার ঠিক করছে। কেউবা আবার গাড়ী নাম্বার লাগাতে ব্যস্ত। আরেকজন দেখি নিজেদের সাথীদের জড়ো করে কথা বলছে এই সফরের আমল ও কাজ সম্পর্কে। একটু দূরে গিয়ে দেখি দুইজন লোক বাংলাদেশের পতাকা আর বাংলাদেশ জমিয়তুল উলামার ৭০টি পতাকা নিয়ে হাজির। তারা গাড়ীতে গাড়ীতে তা ভাগ করে দিচ্ছেন। অচেনা এক মুরুব্বীকে জিজ্ঞেস করলাম কৌত্থেকে আসলেন! বললেন, মুক্তাগাছা। আরেকজন এসছেন রংপুর, অন্য আরেকজনকে জিজ্ঞেস করা জানা যায় সে এসেছে বরিশাল থেকে। সকলেই জামাতবদ্ধ হয়ে এসেছে।
জমিয়তের অফিসে দেখা যায় অন্যরকম চিত্র। সবাই ব্যস্ততার মাঝে ডুবে আছে যেন। পথে কোথায় নামাজ, খাওয়াদাওয়াসহ প্রয়োজন সাড়া হবে তারই প্রস্ততি। পথ সভা ও সমাবেশের জায়গা নির্ধারণ আছে কিনা তা নিয়ে চলছে শেষ নিশ্চিতকরণ।


