শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্য অটুট রাখতে মাওলানা সিদ্দিকুল্লাহর বিশেষ বৈঠক
গুণীজন ও বুদ্ধিজীবিদের নিয়ে বিশেষ বৈঠক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বসে নেই রাজ্যের মন্ত্রী ও জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি রাজ্যের উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করার জন্য মুসলিম সমাজের বিশিষ্ট গুণীজনের সঙ্গে বৈঠক করেছেন। বর্তমান সময়ের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক করেছেন জমিয়ত রাজ্য প্রধান।
শুক্রবার নিজের বাসভবনে গুণীজনদের ডেকে এ বৈঠক করেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, পুবের কলম পত্রিকার সম্পাদক সংসদ সদস্য আহমদ হাসান ইমরান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল গনি, বিধায়ক ইদ্রিস আলি, কলকাতার রেড রোডের ঈদের নামাযের ইমাম কারী ফজলুর রহমান, নাখোদা মসজিদের ইমাম কারী শফিক কাসেমী প্রমুখ। উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান ও ক্রমবর্ধমান জাতিভিত্তিক মেরুকরণের উৎস সন্ধান ও তা থেকে উত্তরণের পথ কী হতে পারে সেবিষয়ে বৈঠকে দীর্ঘ ২-৩ ঘন্টা আলোচনা হয় বলে জানা গেছে।
কী আলোচনা হয়েছে জানতে চাইলে কর্তৃপক্ষ বলেছে, সাম্প্রদায়িক শক্তির অহর্নিশি বিষবাষ্প ত্যাগের মাঝে কীভাবে শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্য অটুট রাখা যায় সেবিষয়ে আলোচনা হয়। মুসলমান সমাজ কীভাবে হতাশ না হয়ে আত্মবিশ্বাসী হয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে তার সুলুকসন্ধানও করা হয় এদিনের বৈঠকে।
বাদ যায়নি মুসলমান সমাজের আর্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গও। বৈঠকে উপস্থিত প্রত্যেকেই সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃঢ়প্রত্যয়ী ভাবমূর্তি ও তাঁর নিরবিচ্ছিন্ন সংগ্রামকে সাধুবাদ জানান। এ ধরনের বৈঠক আহ্বান করার জন্য সকলে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার প্রতি বাংলার মুসলমান সমাজের আস্থা আছে। আপনার এই বৈঠক সময়োচিত পদক্ষেপ।


