পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইসলামপুরের আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী সাইফুল ইসলামের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে।
জানা যায়, ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নিহত সাইফুল ইসলামের বাবা মুসলিম উদ্দিনের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন।
কওমি মাদরাসার সনদের আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা উপলক্ষে গত ৪ নভেম্বর সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে খুটিতে থাকা বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইসলামপুরের আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী ছিলেন। সাইফুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে।
সাইফুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছিলেন আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী, কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ বোর্ড চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়াও সরকারের উচ্চ পর্যায় থেকেও সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
৫ নভেম্বর সোমবার বাদ আসর হবিগঞ্জ জেলার মাধবপুরের পাইলট স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সন্ধ্যায় দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন, আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাঈদ আল মামুন, মুহাদ্দিস মুফতি বোরহানুদ্দিন কাসেমীসহ স্থানীয় উলামায়ে কেরাম ও জনসাধারণ।
এর আগে সাইফুল ইসলামের জানাজার দিন কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়ার পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহায়তা স্বরূপ তুলে দেয়া হয়। সাইফুল ইসলামের মা, বাবা, ৩ বোন ও ছোট দুই ভাই রয়েছে। তার বাবা থাকেন সৌদি আরবে। এছাড়াও নিহতের পরিবারকে অর্থসহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বেফাকের সহসভাপতি ও দারুল আরকাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
এদিকে আলেম মুক্তিযাদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডন্টে, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোরকে জানান, আল-হাইআতুল উলিইয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে বিদ্যুৎস্পস্টে সাইফুল ইসলামের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকহত হয়েছি। আলেম মুক্তিযাদ্ধা প্রজন্ম ফোরামের পক্ষ থেকে সাইফুল ইসলামের পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন মাওলানা মাকনুন।


