সচিবালয়ে এবার বিড়াল কাণ্ড…

সচিবালয়ে এবার বিড়াল কাণ্ড…

নিজস্ব প্রতিবেদক  ● সচিবালয়ের ভেতরে সোনালী ব্যাংকের পাঁচ তলা ভবনের চার তলার কার্নিশে উঠে আর নামতে পারেনি একটি বিড়াল। না খেয়ে দুর্বল হয়ে গেলেও নামার চেষ্টা করতে থাকে সে। কিন্তু কোনোভাবেই বিড়ালটি লাফ দিয়ে বা অন্য কোনোভাবে নামতে পারেনি। বিড়ালটির প্রাণপণ চেষ্টা দেখে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নামানোর চেষ্টা করেন। কিন্তু নিজেরা ব্যর্থ হন। তবে হাল ছাড়েননি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তা চেয়েছেন তারা। অবশেষে বুধবার বিকালে খবর দেওয়া হয় সচিবালয় ফায়ার সার্ভিস স্টেশনে। সেখানকার কর্মকর্তা পতিরাম তার ইউনিট ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ৮ জন কর্মী নিয়ে সোনালী ব্যাংক ভবন থেকে বিড়াল নামাতে আসেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আটকেপড়া বিড়ালকে নামান। এদিন বিকাল ৫টা থেকে ২৩ মিনিট চেষ্টা চালানোর পর বিড়ালটিকে অক্ষত অবস্থায় নামাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নামানোর পর বিড়ালটি সবাইকে ফাঁকি দিয়ে ব্যাংকের পেছনে ঝোঁপে চলে যায়। সচিবালয় ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ পতিরাম বলেন, বিড়ালটিকে মই দিয়ে উঠে ফায়ার সার্ভিসের কর্মীরা নামান। বিড়ালটি দুর্বল হয়ে পড়লেও সুস্থ ছিল। নামানোর পর লাফ দিয়ে ভবনের পেছনে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *