সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করত জায়ান : পার্থ

সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করত জায়ান : পার্থ

পাথেয় রিপোর্ট : শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। ৮ বছরের ছোট্ট জায়ান ছিল বেশ আদরের। পরিবারের সবাইকে মাতিয়ে রাখত সে একাই। জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই দাদু বলে জড়িয়ে ধরত জায়ান।

সবার আদরের জায়ানের আরেকটি গুণের কথা জানালেন তার মামা আন্দালিব রহমান পার্থ। পার্থ জানান, ‘শান্ত মেজাজের শিশু জায়ানের পবিত্র কোরআন তিলাওয়াতও ছিল খুব সুন্দর। উত্তরা সান-বীম স্কুলের ক্লাস টু-এর ছাত্র জায়ান সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে শোনাতেন সবাইকে। তাছাড়া ক্রিকেটের প্রতিও তার প্রচুর আগ্রহ ছিল। পড়াশোনা শেষে বাসার সামনের জায়গাটুকুতে সে ব্যাট বল নিয়ে নেমে যেত।’

জায়ানের সুন্দর তিলাওয়াতে মুগ্ধ ছিলেন তার দাদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি শিশু জায়ানের কাছে তিলাওয়াত শুনতে চাইতেন। প্রধানমন্ত্রীর এমন আবদারে অনেক সময় ছোট্ট জায়ান বলতে, আমি তো ওজু করে আসিনি। পরে দৌড়ে গিয়ে সে ওজু করে আসত।

ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ৮ বছর বয়সী জায়ানের তিলাওয়াত শোনার জন্য পরিবারের বড়রাও তাকে কাছে ডেকে নিতেন। জায়ানের কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হতেন পরিবারের সবাই।

এদিকে শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) লাশ বুধবার দেশে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মাহবুবউল আলম হানিফ জানান, জায়ানের লাশ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবারের পরিবর্তে বুধবার লাশ বিমানযোগে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে লাশ নিয়ে আসা হবে। এরপর বাদ আসর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *