পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের লিখিত স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’ এর মোড়ক উন্মোচন করেছেন বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
বুধবার (২৪ মার্চ) রাত ৯টায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ‘আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায়’ এই মোড়ক উন্মোচন হয়।
কওমী অঙ্গনে বাংলা সাহিত্যের দিকপাল আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘হযরত ফিদায়ে মিল্লাত (রহ.) এর জীবনীর উপর এটা কোন মৌলিক গ্রন্থ নয়। এই গ্রন্থ মূলত ফিদায়ে মিল্লাতের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ। সুতরাং এতে বহু বিষয় আসেনি, আবার এমন বিষয়ও আছে যা অন্য কোথাও বিধৃত হয়নি। পাঠক এই আলোকেই গ্রন্থটি দেখবেন আশা করি।’
আরও পড়ুন: বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মাহমুদ মাদানী : আল্লামা মাসঊদ
আল্লামা মাসঊদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই সময় ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। কারণ বাংলাদেশের স্বাধীনতার পেছনে ফিদায়ে মিল্লাতের অবদান অনিস্বীকার্য। আর এর স্বীকৃতিস্বরূপ ২০১৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করেছিল। তাই আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ফিদায়ে মিল্লাতকে স্মরণ করলাম।’
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’ গ্রন্থটি উৎসর্গ করেছেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীকে।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের কৃতজ্ঞতা প্রকাশ করে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, ‘মাওলানা মাসঊদ সাহেবের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। আব্বাজান (রহ.) এর জীবনের উপর গ্রন্থ লিখে আমার মাধ্যমে মোড়ক উন্মোচন করানোর কারণে আমি হজরতের কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ হজরতকে জাযায়েখায়ের দান করুন।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের কাছ থেকে এই গ্রন্থটি উর্দুতে প্রকাশ করার অনুমতি নেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।



