হোয়াইট হাউসে পানি

হোয়াইট হাউসে পানি

হোয়াইট হাউসে পানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুনতে একটু ভিন্ন রকম শোনা গেলেও ঘটনা বাস্তব। হোয়াইট হাউসে পানি উঠেছে। বাংলাদেশের মতোই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় হোয়াইট হাউসের নিচতলার একটি দফতরের মেঝে চুইয়ে পানি উঠেছে।

বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে সোমবার এক ঘণ্টার মধ্যেই নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়েন। খবর রয়টার্সের।

গাড়িতে আটকা পড়া লোকজনকে উদ্ধার করতে তড়িঘড়ি করে ১৫টি উদ্ধারকারী দল নামানো হয়।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে ৮ দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এটি এক ঘণ্টায় আগের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ৫ দশমিক ৬ সেন্টিমিটারকে ছাড়িয়ে যায়; ১৯৫৮ সালে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রবল বৃষ্টির মধ্যে নগরবাসীকে সতর্ক করে বার্তা দেয় ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

১৮৭১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটি সপ্তম বৃষ্টিবহুল জুলাই বলে জানিয়েছেন এনডব্লিউএসের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই দৈনিক রেকর্ড ভেঙে গেছে বলে জানান তিনি।

ওয়াশিংটনের নিকটবর্তী ভার্জিনিয়ার আর্লিংটনে আরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ১২ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে চেনার্ড জানিয়েছেন।

প্রবল বৃষ্টিপাতের সময় ওয়াশিংটনের মেট্রো স্টেশনগুলোর সিলিং থেকে প্রবল ধারায় পানি নেমে আসতে থাকে এবং নগরীর প্রধান প্রধান জাদুঘর ও স্মৃতিসৌধমুখী সড়কগুলো তলিয়ে যায়।

এই সড়কগুলো বন্ধ করে দেয়ার পর স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা গাড়িতে আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেন।

দুপুরের মধ্যে ১৫ জন গাড়িচালককে উদ্ধার করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন ডিসি দমকল ও ইএমএস। পানিতে আটকা পড়া লোকজনকে উদ্ধারে দমকলকর্মীরা হলুদ রঙের উদ্ধারকারী লাইফবোট ব্যবহার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *