আল্লামা উসমান মানসুরপুরীর ইন্তেকালে মাওলানা মাহমুদ মাদানীর শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের নির্বাহী মুহতামীম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমীরুল হিন্দ আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো জমিয়তে উলামা হিন্দের অফিসিয়াল প্রেস রিলিজে এই শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তাম মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর ইন্তেকালে আমি আমার একান্ত অভিভাবককে হারালাম, অভিভাবক থেকে বঞ্চিত হলাম।
তিনি বলেন, হযরত উসমান মানসুরপুরী আমার মুরব্বি ও শিক্ষক। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ তত্বাবধানে আমাকে পথ প্রদশর্ন করতেন। আজ তো আমি মুরব্বিহারা হয়ে গেলাম।
এদিকে আল্লামা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আল্লামা মাসঊদ বলেন, হযরত আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী এর ইন্তেকালে দক্ষিণ এশিয়ার মুসলমানগণ এক মহৎপ্রাণ দরদি অভিভাবককে হারালো। বিশেষত ভারতীয় মুসলমানদের রক্ষায় এবং তাদের যাবতীয় উন্নয়নকল্পে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন।
বিস্তারিত পড়ুন: আল্লামা ক্বারী উসমান মানসুরপুরীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক
প্রসঙ্গত, আজ শুক্রবার (২১ মে) দুপুর দেড়টায় জুমার নামাযের সময় গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের গুরগাঁও হাসপাতালের আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা ক্বারী উসমান মানসুরপুরী।


