ইকরার ঝিল মসজিদে জ্যোতির্ময় ইতিকাফ

ইকরার ঝিল মসজিদে জ্যোতির্ময় ইতিকাফ

মুফতি আব্দুস সালাম : আজ বিশ রমজান, সূর্যাস্তের আগেই মসজিদে মসজিদে ইতিকাফকারীদের ঢল নামবে। ইকরা সংলগ্ন ঝিল মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলা থেকে মুতাকিফিনদের আগমন শুরু হয়ে গেছে। রংপুরের প্রখ্যাত আলেম মাওলানা হুসাইন আহমাদ সাহেব প্রায় বিশ জনের একটি জামাত নিয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন ইকরায়। খুলনা থেকে মুফতি আবুল কাসেম, দিনাজপুর থেকে মাওলানা আইয়ুব আনছারী এবং ফরিদপুর দারুল উলূম মাদানী নগর ভাঙ্গা মাদরাসা মুহতামিম মাওলানা আহমদ মাসরুর ও উপস্থিত হয়েছেন তাদের কাফেলা নিয়ে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকেও এসেছেন অসংখ্য মুসল্লিরা।

আমার দেখা মতে ঢাকায় সবচেয়ে জমজমাট ইতিকাফ হয় এই মসজিদে। সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. প্রায় বিশ বছর ধরে ইতিকাফ করে আসছেন। গত কয়েক বছর আগে এই মসজিদে ইতিকাফ করেছেন মক্কার প্রখ্যাত আলেম শায়খ আব্দুল হাফিজ মক্কীসহ (রহ.) দেশ-বিদেশের মুসল্লিরা।

গত পাঁছ ছয় বছর যাবৎ আমারও সুযোগ হচ্ছে এখানে ইতিকাফে শামিল হবার। এখানে মুতাকিফিনদের চব্বিশ ঘণ্টার রুটিন বেঁধে দেওয়া থাকে। যিকির আযকার, দু’আ তাসবিহ তেলাওয়াত, তালিম তরবিয়াত ও ইছলাহী বয়ানে সাজানো আছে রুটিন।

রাতে অনুষ্ঠিত হয় কিয়ামুল লাইল। আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত প্রখ্যাত হাফেজ ও মুফাসসির, জামি’আ ইকরার শাইখুল হাদীস আল্লামা আরীফ উদ্দীন মারুফ দা.বা.-এর তত্বাবধানে দেশের স্বনামধন্য হাফেজদের সুললিত কণ্ঠের তেলাওয়াতের মধ্য দিয়ে মোট আট দিনে সম্পন্ন হয় কুরআনুল কারীমের খতম। কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেন প্রায় দু’তিনশো মুসল্লী।

সব মিলিয়ে ঝিল মসজিদের ইতিকাফে খোদাপ্রেমের চমৎকার এক আবহ তৈরী হয়। এখানকার আমলে সজীব প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। সবার হৃদয়ে বয়ে যায় মাহে রমযানের শুদ্ধতা, ছুঁয়ে যায় ইতিকাফের জ্যোতির্ময়তা।

লেখক : আন্তর্জাতিক ধর্মীয় বিশ্লেষক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *