‘কওমিতে মওদুদিদের প্রবেশ; রুখে দাঁড়ানোর আহ্বান’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসাগুলোতে মওদুদিদের দোসররা প্রবেশ করেছে, একের পর এক ফেতনা-ফাসাদ সৃষ্টি করে উলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, মওদুদিরা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের ক্ষতি করার চেষ্টায় সবসময় ব্যস্ত থাকে। তারা এখন কওমি মাদরাসাগুলোকে ধ্বংসের পায়তারা করে চলছে। তাদের বিরুদ্ধে চুপ থাকা যাবে না, যখনই সুযোগ পাবে তাদের বিরুদ্ধে কথা বলবে, জনসাধারণকে সজাগ করবে।
আল্লামা মাসঊদ বলেন, আমাদের কওমি উলামায়ে কেরামদের মধ্যে অনেক এখন মওদুদিদের সাথে হাত মিলিয়ে কাজ করছেন। কেউ কেউ আবার মওদুদিদের বিরুদ্ধে কথা না বলে চুপ থাকেন সমালোচিত হয়ে যাওয়ার ভয়ে। আল্লাহ তাদের সঠিক পথে দিশা দান করুন, মওদুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাওফিক দান করুন।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর আহ্বানে আয়োজিত পরামর্শ সভায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ আসর রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জমিয়তের কেন্দ্রীয় মিলনায়তনে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
চাষাবাদি জমি থেকে যেমন আগাছা-আবর্জনা দূর করতে হয়, দ্বীন ও ধর্ম থেকে তেমন আগাছা-আবর্জনা দূর করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, দ্বীনের মধ্যে আগাছা-আবর্জনা ভরপুর। আমরা কেউ আবর্জনা দূর করার চেষ্টা করছি না। আমরা অনেকে জানিও না কোনটা আগাছা, কোনটা আর্বজনা, দূর করা তো অনেক দূরে কথা। তাই আমাদেরকে প্রথম জানতে হবে, বুঝতে হবে দ্বীনের মধ্যে আগাছা-আবর্জনা কি। তারপর জানতে হবে আগাছা-আবর্জনা দূর করা উপায়। এরপর জানতে হবে আগাছা-আবর্জনা দূর করা সঠিক পদ্ধতি। এইসব কিছু জেনে, বুঝে আমাদেরকে দ্বীনের জন্য কাজ করতে হবে।
আল্লামা মাসঊদ বলেন, আমাদের সমাজে প্রচলিত আছে ‘ইতিবাচক হও, নেতিবাচক হয়ো না’ এটা একটি ভ্রান্ত ধারণা। অনেক সময় দ্বীনের ক্ষেত্রে প্রয়োজনে নেতিবাচক হয়ে কাজ করতে হবে। নেতিবাচক হওয়াটা দোষের কিছু না, বরং প্রশংসনীয়।
তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে তিনটি বাতিল ও গুমরাহ দল কাজ করছে। ১. কাদিয়ানি। ২. বেদাতি। ৩. মওদুদি। তাদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামকে কাজ করতে হবে। বিশেষ করে মওদুদিরা ইসলামের নামে মুসলমানদের ঈমান ও আমল ধ্বংসের পায়তারা করেই চলছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জমিয়তুল উলামার ছায়াতলে জনসাধারণকে নিয়ে আসার চেষ্টা করতে হবে।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফির সভাপতিত্বে পরামর্শ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা মুফতি আবুল কাসেম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইমদাদুল্লহ কাসেমী, মাওলানা ইবরাহিম শিলস্তানী, মাওলানা আবু বকর, মাওলানা আসাদ হুসাইন, মাওলানা আইয়ুব আনছারী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা নোমান আহমাদ প্রমূখ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিরা নিজেদের মতামত ও বক্তব্য পেশ করেন।


