কুশিয়ারা লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এখন ঈদযাত্রায়। একদিকে প্রতিকুল আবহাওয়া অন্যদিকে সিডিউল বিপর্যয়। সড়ক দুর্ঘটনাতো আছেই। আপাতত বরিশালের মানুষদের লঞ্চ বন্ধ রয়েছে। সমস্যার আবর্তে নতুন সংযোজন ঢাকা সিলেট রেল যোগাযোগ বন্ধ। কারণ, সিলেটগামী ‘কুশিয়ারা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (২ জুন) সকাল সোয়া ১০টা দিকে হবিগঞ্জের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সারাদেশে আবহাওয়া বিপর্যয়ের কারণে লঞ্চ ও বাস যাত্রাও মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এতে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট টার্মিনাল থেকেও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
এদিকে ব্যাপক প্রস্ততি সত্ত্বেও ঈদযাত্রার শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তির শিকার হওয়ায় যাত্রীদের কাছে দুই দিন আগে ক্ষমা চেয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ৩-৪টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে, এজন্য যাত্রীদের ভোগান্তি সইতে হচ্ছে।আমরা এজন্য দু:খ প্রকাশ করছি। কাল থেকে আশা করছি শিডিউল অনুযায়ী ট্রেন চলবে।
শুক্রবার সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ১৮টি ট্রেন ছেড়ে গেছে। তন্মেধ্য ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সুন্দরবন, ধুমকেতু ও রংপুর এক্সপ্রেসসহ উত্তরবঙ্গগামী চারটি ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। রংপুর এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে ছাড়বে। এজন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশে পরিবহনের সক্ষমতার চেয়ে যাত্রী বেশি। অতিরিক্ত সক্ষমতা ব্যবহার করে যাত্রীদের সেবা দিচ্ছে রেলওয়ে। সার্বিকভাবে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। ঈদের পাঁচদিন যাত্রী পরিবহন করতে সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি।
তিনি বলেন, আশা করছি শনিবার রংপুর এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় থাকবে না। কারণ রংপুর থেকে আলাদা ট্রেনের ব্যবস্থা করেছি, ওটা সময়মতো ঢাকা এসে পৌঁছাবে।
রেলপথ মন্ত্রী বলেন, সফলতা ব্যর্থতা জনগণ বিচার করবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় রেল ভালো সেবা দিচ্ছে।


