খাসোগির সন্ধানে কনসুলেটে তুরস্ক পুলিশের ৯ ঘণ্টা তল্লাশি

খাসোগির সন্ধানে কনসুলেটে তুরস্ক পুলিশের ৯ ঘণ্টা তল্লাশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি সাংবাদিক জামাল খাসোগির সন্ধানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনসুলেট অফিসে নয় ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে তুরস্কের পুলিশ। দুই সপ্তাহ আগে ব্যক্তিগত প্রয়োজনে ওই কনসুলেটে প্রবেশের পর থেকেই নিখোঁজ সৌদি রাজপরিবারের নীতির কঠোর সমালোচক খাসোগি। তাকে কনসুলেটের ভেতরেই হত্যা করে লাশ গুম করে ফেলা হয়েছে বলে দাবি আঙ্কারার। রিয়াদ অবশ্য শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

রয়টার্সের সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে কনসুলেট অফিসের মধ্যে হত্যার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হলো। সবশেষ গত ২ অক্টোবর কনসুলেট অফিসে প্রবেশের পর খাশোগির আর দেখা মেলেনি। তুরস্কের দাবি তাকে কনসুলেট অফিসেই হত্যা করা হয়েছে।

জানা যায়, ইস্তাম্বুল কনসুলেটে তল্লাশি চালাতে চেয়ে তুরস্কের করা অনুরোধে সৌদি আরব রাজি হওয়ার পর সেখানে তল্লাশি চালায় তুরস্কের পুলিশ। সেখানে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর অপরাধস্থল তদন্তকারীদের প্রায় ১০ জনের একটি দলকে মঙ্গলবার শুরু হওয়ার কিছুক্ষণ পর সৌদি কনসুলেট ত্যাগ করতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। ওই প্রত্যক্ষদর্শী জানান, তদন্তকারীদের চারটি ফরেনসিক গাড়ি কনসুলেট ভবনের বাইরে থেকে মাটির নমুনা ও বাগান থেকে একটি ধাতব দরজা তুলে নেয়; তল্লাশি কাজে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও অংশ নেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সাক্ষাৎকালে তারা সাংবাদিক খাশোগি হত্যার বিষয়ে আলোচনা করবেন। খাশোগি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। যিনি সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন কঠোর সমালোচকও ছিলেন। তুর্কি এক নারীকে বিয়ের জন্য আগের স্ত্রীকে দেয়া তালাক সংক্রান্ত ডকুমেন্টস আনতে কনসুলেট অফিসে প্রবেশ করেছিলেন তিনি।

খাসোগিকে হত্যা করা হয়েছে, এমনটা নিশ্চিত হলে সৌদি আরবকে ‘কড়া শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসে রিয়াদে হতে যাওয়া একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে অনেক স্পন্সর প্রতিষ্ঠান ও গণমাধ্যমও নিজেদের সরিয়ে নিয়েছে।

সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে কনসুলেট ভবনের ভেতরে হত্যা করার কথা স্বীকার করার কথা বিবেচনা করছে সৌদি আরব, আর সেক্ষেত্রে গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হত্যার দায় চাপানো হবে। রাজপরিবারের সমালোচক খাসোগিকে সৌদি আরবে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশনা ছিল দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। গোয়েন্দা কর্মকর্তারা তা অমান্য করে কনসুলেটের ভেতরই খাসোগিকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চালায়, যা শেষ পর্যন্ত ‘ভুলপথে পরিচালিত হয়’ বলে ওই প্রতিবেদনে সৌদি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *