পাথেয় টোয়েন্টিফোর : রোববার রাতে জাপানে এক শক্তিশালী টাইফুনের আঘাতে দুজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শক্তিশালী এই টাইফুনটি টোকিওজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ফেলার পাশাপাশি গাছ উপড়ে রেললাইনের ওপর নিয়ে ফেলে। এতে রেললাইনগুলো বন্ধ হয়ে যাওয়ায় অথবা ট্রেন দেরি করায় হাজার হাজার যাত্রী স্টেশনে আটকা পড়ে থাকেন।
রোববার রাত থেকে এ ঘূর্ণিঝড়টি ওকায়ামা, কানতো এবং তোহোকো প্রিফেকচারে আঘাত হানে। খবর ডেইলি ইউমিওরির।
সোমবার সকালে এটি রাজধানী টোকিওসহ আশপাশ জেলাগুলোতে আঘাত হানে। দুর্য়োগপূর্ণ আবহাওয়ার জন্য রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।
দেশটির আবহওয়া দফতর বলছে- সোমবার সকালে টোকিওতে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ১০০ কিলোমিটার বেগে সানরিকু উপকূলীয় এলাকা পাড়ি দিয়ে বিকাল নাগাদ কৃষিপ্রধান প্রদেশ হোক্কাইডুতে আঘাত হানতে পারে।
ত্রামির কারণে উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হোক্কাইডোতে ভারি বৃষ্টিপাত, প্রবল বাতাস বয়ে যাওয়ার ও ভূমিধসের সম্ভাবনা আছে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা। গত মাসে এই দ্বীপটিতে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল। প্রায় চার লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।


