পাথেয় রিপোর্ট : খুব আমুদে মেজাজে অাছে কেউ। চারপাশের ফুরফুরে পরিবেশ আর হালকা রোদে নৌ-ভ্রমন। রোদ চশমা লাগিয়ে সমুদ্রে ঘুর বেরানো হচ্ছে খুব মজা করেই। এমন সময় হঠাৎ করেই যদি গালের ওপর চড়-চাপড়ের মতো কিছু একটা এসে পড়ে, লাগবে কেমন? বোধকরি মেজাজটাই বিগড়ে যাবে একদম। জি, এমন ঘটনাই ঘটেছে। এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের কাইল মুলিন্ডার। তার মুখের ওপর অক্টোপাস ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছে এক পুরুষ সিল।
মুলিন্ডারের সঙ্গী তাইয়ো মাসুদা গো প্রো ক্যামেরায় ধারণ করেছেন এ দৃশ্য। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তা শেয়ার করছেন নানান ক্যাপশন লিখে। তবে ঘটনা সত্যি কি না, এ নিয়ে অনেকেরই প্রশ্ন অাছে। কেউ নিছক মজা বলে উড়িয়ে দিলেও, অনেকেই কিন্তু তা বিনোদনের জন্য সিরিয়াসাভেই শেয়ার করছেন। তারা এটিকে মানছেন কাকতলীয় সত্য বলেই।
তবে মানুষ যাই বলুক। এই ঘটনার মূল ব্যক্তি, সিলের কামড়ে ধরা জ্যান্ত অক্টোপাসের ঝাপটা খাওয়া কাইল মুলিন্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিজেই। তিনি বলেন, সপ্তাহান্তে কায়কুরা এলাকার দক্ষিণ আইল্যান্ডে কায়ক নামের ছোট নৌকায় করে ঘুরছিলেন। হঠাৎ ক্ষুধার্ত সিল ও অক্টোপাসের লড়াইয়ের মাঝখানে পড়ে যান। ওই অক্টোপাস শিকারের চেষ্টায় ছিল সিলটি। অক্টোপাসটিকে কামড়ে ধরে সিল। আর অক্টোপাসও সিলের গ্রাস থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছিল। একপর্যায়ে অক্টোপাসটিকে পানি থেকে তুলে আছড়ে ফেলে সিল। আর তখনই এটা গিয়ে আঘাত হানে কাইল মুলিন্ডারের মুখে। হতভম্ব মুলিন্ডা প্রথম হকচকিয়ে গেলেও পরে কিন্তু বিষয়টি ঠিকই উপভোগ করেছেন। পুরো বিষয়টি বেশ উপভোগ করেছেন মাসুদাও।
বার্তা সংস্থা এএফপিকে তাইয়ো মাসুদা বলেন, ‘আমাদের পাশেই সাঁতার কাটছিল একটি সিল। তার মুখেই ছিল অক্টোপাসটি। একটু পর হঠাৎ ঠিক আমাদের পাশেই ভেসে ওঠে সেটি । মুখে থাকা সিলটি মুলিন্ডারের মুখের ওপর ছুড়ে মারে।’


