পাথেয় রিপোর্ট : জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। কারাগার হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মুক্তি পেয়েছেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, রোববার বিকেল ৫টার দিকে মইনুল হোসেনের জামিনের আদেশসংক্রান্ত আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ১৩ জানুয়ারি মানহানির অভিযোগে বিভিন্ন জায়গায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মইনুল হোসেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর টেলিভিশন টক শোতে নারী সাংবাদিককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মইনুল হোসেন। ওই ঘটনায় ঢাকার আদালতে মানহানির মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক। এরপর রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে কয়েকটি মামলা হয়। এর মধ্যে রংপুরে দায়ের হওয়া একটি মামলায় গত ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।


