জিকিরের আওয়াজ সুন্দর ও শ্রুতিমধুর করুন : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জিকিরের আওয়াজ সুন্দর ও শ্রুতিমধুর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন।
তিনি বলেন, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তাই যখন আল্লাহ নামের জিকির করবে, তখন সুন্দর ও শ্রুতিমধুর করে আল্লাহর নামের জিকির করবে।
আল্লামা মাসঊদ বলেন, অর্থ বুঝে বুঝে অন্তর থেকে জিকির করতে হবে। যখন তুমি ‘সুবহানাল্লাহ’ এর জিকির করবে, তখন মনে রাখবে আল্লাহ পুত-পবিত্র এবং সবধরণের দোষত্রুটি থেকে মুক্ত। যখন ‘আলহামদুলিল্লাহ’ এর জিকির করবে, তখন মনে রাখবে আল্লাহ প্রশংসিত, সকল প্রশংসা তাঁর। এই বিশ্বাস নিয়ে যখন কেউ জিকির করবে, তখন আল্লাহ তাআলার তার মধ্যেও জিকিরের সিফাতগুলো দিয়ে দেবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাদ এশা রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে তাকওয়া মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত ইসলাহী প্রোগ্রামে ইসলাহী বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে জায়গা দিতে হবে উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, দুনিয়ামুখী হয়ে, দুনিয়ার প্রেমের পড়ে আমাদের অন্তর পাপের আধিক্যে কালচে হয়ে আছে। অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে পড়েছে। আমাদের অন্তরে এখন সবকিছু আছে, শুধুমাত্র আল্লাহ নেই। অথচ অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে রাখার কথা।
বাতাসে আল্লাহ ও তাঁর নামের জিকির ছড়িয়ে দেয়ার কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আমাদের বাতাস নষ্ট হয়ে গেছে। বাতাসে এখন দুর্নীতি, মিথ্যা, গীবত, পরনিন্দা ও সবরকমের পাপাচারের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বাতাসে নেক আমলের শুদ্ধতা ছড়িয়ে দিয়ে, আল্লাহ ও তাঁর নামের জিকির করে, বাতাসকে ভারী করতে হবে।
আল্লামা মাসঊদ বলেন, যে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করবেন। পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন নবীজী সা.। এজন্য হাশরের ময়দানে আমাদের নবীজী সা.-এর হাতে ‘লিয়াউল হামদ’ নামে একটি পতাকা দেয়া হবে। এই পতাকা একমাত্র নবীজী সা.-কে দেয়া হবে, অন্যকাউকে নয়। এই পতাকার পিছনে যারা থাকবে, সবাইকে এই পতাকা জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহর নামের জিকির করলে অন্তর পবিত্র হয়, অন্তরে প্রশান্তি আসে জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট একটা সময় জিকিরের জন্য ঠিক করে রাখার কথা বলেন তিনি।
ইসলাহী প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও তাকওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা অলিউল্লাহ মাসউদ, মাওলানা ইহতিশামুল হক, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইকরামুল হক, মাওলানা আবু রায়হান প্রমুখ।
ইসলাহী বয়ানের পর বাদ প্রোগ্রামে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।


