ঢাকার চৌধুরীপাড়ায় ২৪ ঘণ্টার ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত

ঢাকার চৌধুরীপাড়ায় ২৪ ঘণ্টার ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঢাকার চৌধুরীপাড়া ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর সুযোগ্য খলিফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে আয়োজিত ২৪ ঘণ্টার ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আত্মশুদ্ধি, দ্বীনি আলোচনা ও উলামায়ে কেরামের নসিহতের মধ্য দিয়ে ১৬ নভেম্বর সোমবার বিকেলে শুরু হওয়া এ ইজতেমা ১৭ নভেম্বর মঙ্গলবার ফজরের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

ইজতেমার সূচনা বক্তব্য পেশ করেন আল্লামা আরীফ উদ্দীন মারুফ (রঈস, জামিআ ইকরা বাংলাদেশ)। বাদ আসর তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আলোচনা পর্ব। এরপর পর্যায়ক্রমে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

ইজতেমায় উপস্থিত ছিলেন মুফতি আনোয়ার মাহমুদ, মুফতি আব্দুল মতিন, মাওলানা সরফুদ্দীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি আব্দুস সালাম (জামিয়া শারইয়্যাহ, মালিবাগ), মুফতি হাফিজুদ্দীন, মুফতি আব্দুর রহীম কাসেমী (জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তে উলামা), মাওলানা এমদাদুল্লাহ কাসেমী (মুহতামিম, মাদানীনগর মাদরাসা, খুলনা), মাওলানা হুসাইন আহমাদ রংপুরী (খলিফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ) সহ অসংখ্য উলামায়ে কেরাম ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের খলিফাগণ।

বক্তারা তাঁদের আলোচনায় আত্মশুদ্ধি, তাকওয়া, আমল-আখলাকের সংশোধন এবং ব্যক্তিজীবনে দ্বীনের অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমকালীন প্রেক্ষাপটে উম্মাহর দায়িত্ব, পারস্পরিক ঐক্য ও দ্বীনি চেতনা জাগ্রত রাখার বিষয়েও নসিহত পেশ করেন।

শারীরিক অসুস্থতার কারণে ইজতেমার আহ্বায়ক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর আহ্বানে আয়োজিত এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

১৭ নভেম্বর মঙ্গলবার ফজরের পর মুফতি আস‘আদ আল হুসাইনী মোনাজাত পরিচালনা করেন। বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে ২৪ ঘণ্টাব্যাপী এ ইসলাহী ইজতেমার।

Related Articles