নির্যাতনের মামলা করল কার্টুনিস্ট কিশোর

নির্যাতনের মামলা করল কার্টুনিস্ট কিশোর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেখক মুশতাকের কারাগারে মৃত্যু নিয়ে হইচই পড়ে গেছে দেশজুড়ে। এরমধ্যে এবার বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দশ মাস ধরে কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর নির্যাতনের অভিযোগ তুলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন।

বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তিনি এই আবেদন করেন।

কিশোরের বড় ভাই আহসান কবির বলেন, ২০২০ সালের ২ মে অজ্ঞাত ব্যক্তিরা তার ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যায়। তিন দিন নির্যাতনের পর তাকে ৫ মে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, কিশোরকে ২ মে কারা তুলে নিয়ে গিয়েছিল এবং পরবর্তী তিন দিন কারা নির্যাতন করেছিল, তা যেহেতু তারা জানেন না, তাই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছেন তারা।

আরো পড়ুন : ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

প্রসঙ্গত, গত বছর ৫ মে কার্টুনিস্ট কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। ওই মামলায় আরও দু’জন গ্রেপ্তার হন। তবে তারা জামিনে মুক্ত হলেও কিশোর আর মুশতাকের জামিন মিলছিল না। ছয়বার জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে মারা যান মুশতাক। এর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে ৩ মার্চ উচ্চ আদালত থেকে জামিন মেলে কিশোরের। পরদিন কাশিমপুর-২ কারাগার থেকে ছাড়া পান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *