প্রকাশিত অদ্ভূত ভোটার তালিকা নিয়ে তুরস্কে বিরোধীদের হৈচৈ

প্রকাশিত অদ্ভূত ভোটার তালিকা নিয়ে তুরস্কে বিরোধীদের হৈচৈ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কে মার্চ মাসে স্থানীয় নির্বাচন উপলক্ষে ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটারদের তালিকায় অদ্ভূত কিছু ব্যাপার লক্ষ্য করা গেছে। যেমন: কিছু ভোটার আছেন যারা এই প্রথমবার ভোট দেবেন, কিন্তু তাদের বয়স ১০০-র ওপর।

জানা যায়, একজন ভোটারের বয়স ১৬৫ পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত লোক বলে যার নাম আছে। বলা হয় ১৬৫ থকেও বেশি বয়স তার।

তুরস্কে বিরোধীদলগুলো বলছে, তারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে, একটি বিশেষ অ্যাপার্টমেন্টকে ঠিকানা হিসেবে দেখিয়ে এক হাজারেরও বেশি ভোটার তাদের নাম নিবন্ধন করিয়েছেন। তুরস্কে এই ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রাজনৈতিক দলগুলো বলছে, এই ভোটার লিস্টে নানা কারসাজি করা হয়েছে।

আরো বলা হচ্ছে, মার্চ মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে হয়তো প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অর্থনীতির স্থবিরতার কারণে এবার রাজধানী আংকারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে হেরে যেতে পারে এমন বলছেন অনেকেই।

রিপাব্লিকান পিপলস পার্টি (সিএইচপি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) অভিযোগ করেছে, গত নির্বাচনে একে পার্টি যেসব এলাকায় সামান্য ভোটের ব্যবধানে হেরেছিল – সেই আসনগুলোতেই এই ‘অস্বাভাবিক’ ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে।

বিরোধীদলগুলো বলছে, কোন কোন ঠিকানায় সন্দেহজনক রকমের বিপুলসংখ্যক ভোটার নিবন্ধিত বলে দেখা যাচ্ছে। একটি ফ্ল্যাটের ঠিকানায় নিবন্ধিত হয়েছে ১ হাজার লোক। অনেক ভোটার এমন ভবনকে ঠিকানা হিসেবে দেখিয়েছেন যাতে কেউ থাকেন না, কোনো কোনো ভবন এখনও নির্মাণাধীন। ইস্তাম্বুলে একজন ভোটার নিবন্ধিত হয়েছেন- যিনি চারতলা একটি ভবনের পাঁচ তলায় থাকেন বলে দেখানো হয়েছে।

সিএইচপি বলছে, তারা ৬ হাজারেরও বেশি রেজিস্টার্ড ভোটার পেয়েছেন যাদের বয়েস ১০০-র বেশি। এদের অনেকের বয়েস আবার পৃথিবীর প্রবীণতম জীবিত ব্যক্তির চেয়েও বেশি। রেকর্ড অনুযায়ী পৃথিবীর জীবিত প্রবীণতম ব্যক্তির বয়েস হচ্ছে ১১৬। এর মধ্যে একজন ভোটার আছেন যার নাম দেখা যাচ্ছে আয়েস একিচি যার জন্ম বলা হয় ১৮৫৪ সালে, যখন তুরস্ক অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। সিএইচপি বলছে তিনি নাকি এবারই প্রথমবারের মতো ভোট দেবেন। জুলফু এবং আয়েস নামে আরো দুজন ভোটারের বয়েস বলা হচ্ছে যথাক্রমে ১৪৯ ও ১৪৮। চানকিরি প্রদেশের একটি জেলায় গত ছয় মাসে ভোটারের সংখ্যা ৯৫ শতাংশ বেড়ে গেছে বলে দেখা যাচ্ছে।

বিরোধীদলগুলো এই ভোটার তালিকার ব্যাপারে তদন্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। আইয়ি নামে একটি দলের নেতা হাসান সেইমান সোমবার টুইট করেছেন যে বিরোধীদল এই অভিযোগ তোলার পর ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেবার খবর পেয়েছেন তিনি।

তবে একে পার্টির একজন কর্মকর্তা রেচেপ ওজেল বলেছেন, বিরোধীদল এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে যেন আমরাই এটা করেছি, কিন্তু আসলে আমরাই এর সবচেয়ে বড় শিকার হচ্ছি। শহরগুলোর মেয়র ও রাজনৈতিক দলগুলোই এ কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ভোটার তালিকার ব্যাপারে একে পার্টিই সবার আগে অভিযোগ তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *