পাথেয় রিপোর্ট : ক্যালিগ্রাফি প্রদর্শনী দেখে নিজে অভিভূত হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ পীর ও আধ্যাত্মিক রাহবার মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুযূর রহ.-এর সাহেবজাদা মাওলানা কারী শাহ আতাউল্লাহ বিন হাফেজ্জী। তিনি বলেন, আজকের আয়োজনে আমি অভিভূত। এমন সুন্দর আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। আমাদের দেশে ভালো কাজের মূল্যায়ন কম বলে মানুষের মধ্যে ভালো কাজের আগ্রহ কম। এমন আয়োজন তরুণদের মাঝে আশা জাগাবে বলে আমার বিশ্বাস।
রাজধানীর বাড্ডায় সপ্তাহব্যাপী পবিত্র কোরআন ও সিরাত বিষয়ক গ্রন্থ এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকাল ৩টায় বাড্ডার আদর্শনগরে মাকতাবাতুল ইসলাম মিলনায়তনে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ক্যালিগ্রাফি প্রদর্শনী চলবে ৫ জানুয়ারি ২০১৮ পর্যন্ত।
অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইসলাম ও মাকতাবাতুল আযহার ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা।
সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে উন্মুক্ত আলোচনা, পুরস্কার বিতরণী, পাঠচক্র ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ লেখক পাঠক ও ক্যালিগ্রাফি শিল্পীদের মিলনমেলা।
প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন লেখক গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাদরাসাতুস সুফফার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের রাহমানী, কিশোর স্বপ্ন সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, আবদুস সাত্তার আইনী, ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল ইসলাম ও আরিফুর রহমান।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এই সময়ের আলোচিত লেখক, প্রকাশক, সম্পাদক, ইমাম, খতিব, সাংবাদিক, সিরাত গবেষক, কবি, শিল্পী ও ছড়াকাররা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে রয়েছে সাইফুল ইসলাম, আরিফুর রহমান, মাহবুব মুর্শিদ, তকি হাসান, সুমাইয়া তকি, ওসমান হায়াত, মুহিব্বুল্লাহ গালিব ও বেলাল হুসেনের ক্যালিগ্রাফি।
প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শতাধিক প্রকার গ্রন্থে ৬০% পর্যন্ত মূল্যছাড়। আয়োজকগণ সবাইকে সুলভমূল্যে বইক্রয়ের আহ্বান জানিয়েছেন।


