পাথেয় রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পরিচয় তুলে ধরতে গিয়ে কেঁদে ফেলেছেন হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে ‘ডেঙ্গুগাঁথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলাদ গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেয়ার শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রীর পরিচয় তুলে ধরতে গিয়ে কাঁদেন তিনি।
মিলাদ গাজী বলেন, ‘মাননীয় প্রধান অতিথি, সাংসদ এবং আমার বাবা যেভাবে অ্যাক্টিভিটিস করতেন, উনাকে দেখলে একদম আমার বাবার কথা মনে পড়ে যায়। সব মানুষের জন্য কাজ করেন, সবার সাথে ফ্রিভাবে কথা বলেন, তিনি আমাদের পরিকল্পনামন্ত্রী।’
এই কথা বলার পর কেঁদে ফেলেন এবং চোখ মোছেন এমপি মিলাদ গাজী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও তার মুখের দিকে তাকান। মিলাদ গাজীর বাবা সাবেক সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী ২০১০ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। পরিকল্পনামন্ত্রীর পরিচয় দেয়ার পর সেখানে উপস্থিত অন্যদের প্রসঙ্গ টেনে পরিচয়পর্ব শেষ করেন।
এরপর একাধিকবার চোখের পানি মুছতে মুছতে বক্তব্য দিতে গিয়ে মিলাদ গাজী বলেন, ‘দেশটা আপনার-আমার সবার। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য, গরিবের জন্য কাজ করে গেছেন। তিনি দেশটা দিয়ে গেছেন। কিন্তু উনাকে বাঁচতে দেয়নি (এরপর আবার চোখ মোছেন)। জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিক করে গিয়েছিলেন। গরিব মানুষ অসুখ-বিসুখে সেবা পেত। আবার আওয়ামী লীগ সরকার আসার পর সেই কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের জন্য কাজ করে।’
বইয়ের মোড়ক উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক, সাবেক সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।


