বিশ্বকাপ দল, ভাবনায় কে এই ১৫তম সদস্য!
পাথেয় রিপোর্ট : দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। শিগগিরই ঘোষণা হচ্ছে বিশ্বকাপ দল। দলে কে থাকছেন এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। গুঞ্জন। সবাই নতুন করে হিসাব মেলাবার চেষ্টা করছেন।
হিসাব মিলবে বিসিবির ঘোষণার পরই। কে কে থাকছেন বিশ্বকাপ দলে। তবে আলোচনা এখন পনেরতম সদস্য নিয়ে।
এক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনই অন্তত তিন থেকে চারবার সম্ভাব্য স্কোয়াড নিয়ে কথা বলেছেন। প্রায় মাসখানেক আগেই তিনি সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে পূর্ব ধারণা দিয়েছেন গণমাধ্যমকে। তারপর আরও বার দুই-তিনেক তিনি দল নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার কথায় ১৩ থেকে ১৪ জনের নাম কমবেশি সবার জানা হয়ে গেছে।
বলেছিলেন, তাসকিনের পাশাপাশি শফিউল, ফরহাদ রেজা আর আবু জাইদ রাহির কথা ভাবা হচ্ছে। তাসকিন শতভাগ ফিট হয়ে মাঠে নেমে নিজেকে মেলে ধরতে না পারলে ওই তিনজনের কেউ ঢুকে যেতে পারেন এবং তিনিই হবেন ১৫ নম্বর সদস্য। অর্থাৎ ১৫ নম্বর সদস্য হবেন একজন বোলার এবং আগে কথা ছিল তিনি হবেন একজন পেস বোলার।
এর বাইরে তামিম, লিটন, সৌম্য, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, সাইফউদ্দীন, মোস্তাফিজ ও রুবেলে থাকা একরকম নিশ্চিত। কিন্তু আজ শেষ মুহূর্তে ১৫ নম্বর সদস্য হিসেবে অফস্পিনার নাইম হাসানের নাম শোনা গেছে। বলা হচ্ছে একজন বাড়তি স্পিনার হিসেবেই নাইম হাসানকে নিয়ে যাবার কথা ভাবা হচ্ছে।
ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ কাঁধের ইনজুরির কারণে বল করতে নাও পারেন। তাই ব্যাকআপ অফস্পিনার হিসেবে স্পেশালিস্ট নাইম হাসানকে বিবেচনায় আনা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা শুনে মনে হলো তারা দলে পাঁচজন পেসার রাখার কথাই ভাবছেন। কারণ ইংলিশ কন্ডিশনে তিন পেসার মানে অধিনায়ক মাশরাফির সাথে অন্তত আরও দুজন পেসার খেলবেনই। তার বাইরে থাকবেন মোটে একজন। কেউ অফফর্ম কিংবা ইনজুরির শিকার হলে বিকল্প মিলবে কই?
তাই পাঁচ পেসার রাখার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে নাইম হাসানের সম্ভাবনা যাবে কমে। তার চেয়ে ১৫ জনের বিশ্বকাপ দলে পেসার আবু জাইদ রাহি কিংবা ফরহাদ রেজার যে কেউ ঢুকে যেতে পাররেন। তবে অধিনায়ক মাশরাফি আর সাইফউদ্দীন দুজনই যেহেতু গতি কমিয়ে বল করেন। তাই ফরহাদ রেজার চেয়ে রাহির সম্ভাবনা বেশি।
আর আয়ারল্যান্ডে তিন জাতি আসরের জন্য বাড়তি যে দুজনার কথা বলা হচ্ছে, অনিবার্যভাবে তার একজন হলেন ইয়াসির আলী রাব্বি। ব্রাদার্সের এই ইনফর্ম মিডল অর্ডারের সাথে নাইম হাসানকে আয়ারল্যান্ড পাঠানোর সম্ভাবনা বেশি।
এর বাইরে আগে যত কথাই হোক না কেন, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জহুরুল আর তাসকিনের সম্ভাবনাও খুব কম। তবে আরও একটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। রাহিকে আয়ারল্যান্ডের জন্য বিবেচনায় রেখে নাইমকেও ১৫ জনে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে।
মাশরাফি (অধিনায়ক), তামিম, সৌম্য, লিটন, সাকিব (সহ-অধিনায়ক), মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজ , রুবেল, রাহি/নাইম হাসান।
আয়ারল্যান্ডের বাড়তি দুজন- ইয়াসির আলী রাব্বি, নাইম হাসান/রাহি।


