ভেট্টোরি খুশি সাকিবদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শান্তির দেশ নিউজিল্যান্ডের সরস স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি যোগ দিচ্ছেন সাকিব আল হাসানদের সঙ্গে। তিনি তাদের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে একজন হলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।
স্পিন বোলিং কোচ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সাকিব-মিরাজ-তাইজুলদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেও খুশি ভেট্টোরি। এ ছাড়াও তাদের মতো স্পিনারদের ছাত্র হিসেবে পেয়েও সন্তুষ্ট তিনি।
এ বিষয়ে ভেট্টোরি বলেছেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং অন্য উঠতি তরুণদের সঙ্গে কাজ করাটা হবে আনন্দের। অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চাই।
বাংলাদেশকে নিয়েও তিনি বলেন, অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করি। দেশটি সফরে অনেক ভালো কিছু স্মৃতি আছে। এ দলটা উঠে আসছে এবং অভিজ্ঞতার সঙ্গে সম্ভাবনা রয়েছে অনেকের।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর খেলেছেন ড্যানিয়েল ভেট্টোরি। সব ফরম্যাট মিলিয়ে মোট ৪৪২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি চান, তাঁর নতুন ছাত্রদের সঙ্গে নিজের জ্ঞান ভাগ করে নিতে।


