মাওলানা মতিনুল হক উসামার ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জমিয়তে উলামা হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি ও জামিআ মাহমুদিয়া কানপুরের মুহতামিম মাওলানা মতিনুল হক উসামা কাসেমীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মতিনুল হক উসামা সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একদিকে আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন, অপরদিকে দীনের মুবাল্লিগ ও নিবেদিতপ্রাণ কর্মী তৈরি করার জন্য কাজ করেছেন। তাঁর ইন্তেকালে জমিয়ত উলামা হিন্দ একজন সাহসী দিকপাল ও বর্ষীয়ান নেতা হারালো।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মাওলানা মতিনুল হক উসামা একজন আদর্শ নাবিক ছিলেন। অরাসাতুল আম্বিয়ার নমুনা ছিলেন। উত্তরপ্রদেশে মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনার আক্রান্ত রোগি ও জনসাধারণের সেবায় নিয়োজিত থেকে তিনিও করোনা আক্রান্ত হয়েছেন এবং আমাদের থেকে বিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করার পাশাপাশি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
উল্লেখ্য, শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২:৩০ মিনিটের দিকে ভারতের একটি হাসপাতালে জমিয়তে উলামা হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মাওলানা মতিনুল হক উসামা কাসেমী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিল্লী জমিয়তে উলামা হিন্দের দপ্তর সম্পাদক মুবাশ্বির হাসান পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


