রাম মন্দির কেবল হিন্দুদের নয়, বরং গোটা দেশের : মোহন ভাগবত

রাম মন্দির কেবল হিন্দুদের নয়, বরং গোটা দেশের : মোহন ভাগবত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাম মন্দির কেবল হিন্দুদের নয়, বরং গোটা দেশের দাবী করে ভারতের আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারকে আইন তৈরি করতে হবে। আরএসএসের সদর দফতর নাগপুরে বিজয়া দশমী উৎসব উপলক্ষে এক বার্ষিক অনুষ্ঠানে মোহন ভগবত বলেন, খুব শিগগিরি রাম মন্দির নির্মাণের জন্য সরকারের আইন আনা উচিত।

দেড়শ বছর ধরে ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিরোধ কেন্দ্র হিসেবে পরিগণিত হচ্ছে। ১৬ শতকে মুঘল সাম্রাজ্যের সময় বাদশাহ বাবরের নামে এই মসজিদ প্রতিষ্ঠা করা হলেও হিন্দুদের দাবি এটি ছিল রামের জন্মভূমি। বাবরি মসজিদ রাম মন্দির হাঙ্গামা লেগেই আছে সবসময়।

মোহন ভাগবত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, জমির মালিকানা কার, সে সিদ্ধান্ত নেয়ার পথ সহজতর করা উচিত সরকারের। একইসঙ্গে তিনি বলেন, রাজনীতির জন্যই রাম মন্দির নির্মাণে বিল্মব হচ্ছে। রাম কেবল হিন্দুদের নয়, বরং গোটা দেশের। আত্মসম্মানের দৃষ্টিকোণ থেকে দেখলে রাম মন্দির নির্মাণ জরুরি। রাম মন্দির নির্মাণ হলে দেশে সদ্ভাবনার পরিবেশ সৃষ্টি হবে। মোহন ভাগবতের দাবি, বাবর রাম মন্দির ধ্বংস করে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। ভাগবত বলেন, ‘আমরা জানি এখানেই রাম মন্দিরের অস্তিত্ব আছে। কিন্তু রাম মন্দির তৈরি নিয়ে রাজনীতি করা হচ্ছ। এটা দুর্ভাগ্যের। এখনই রাম মন্দির নির্মাণ হওয়া উচিত।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যায় কয়েকশ’ বছরের পুরোনো বাবরী মসজিদ উগ্রহিন্দুত্ববাদীরা প্রকাশ্যে দিবালোকে ভেঙে গুঁড়িয়ে দেয়। তারা ওই স্থানেই রাম মন্দির নির্মাণ করতে চায়। তাদের দাবি, বাবরী মসজিদের জায়গাতেই ভগবান রামের জন্মস্থান। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত সেখানে রাম মন্দির নির্মাণের জন্য আইন আনতে হবে বলে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি জানালেন।

কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অধ্যাদেশ আনতে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেন, যেভাবে ট্রিপল তালাক, সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে কোটা) ইস্যুতে একাধিক সংশোধনী এনে সংসদে বিল পাস করা হয়েছে। সেভাবেই সরকারকে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনা উচিত।

এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও কোলকাতার নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. আব্দুস সাত্তার আজ রেডিও তেহরানকে বলেন, আরএসএসের প্রধান একথা বলবেন এতে আর নতুনত্বের কী আছে? কারণ, এক মাত্র এই ইস্যুটাকে সামনে রেখে মন্দির- মসজিদ, ধর্মীয় মেরুকরণ করে যদি নির্বাচনি বৈতরণী পার হওয়া যায়! অন্যথায় সম্ভব নয়। কারণ, উত্তর ভারতের যে রাজ্যগুলো তারা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে সেখানেও নানা সমস্যা দেখা দিয়েছে, তাদের অবস্থা ভালো নয়। বিজেপিশাসিত রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়ে এখন উল্টো হাওয়া। তিনি বলেন, রুজি-রুটির প্রশ্নে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। পণ্য ও পরিসেবা কর (জিএসটি), নোট বাতিল ইত্যাদিকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে কৃষকদের মধ্যে, ছোটো ব্যবসায়ীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। এরকম অবস্থায় এই সরকারকে বাঁচানোর একমাত্র পথ ধর্মীয় মেরুকরণ। এছাড়া অন্য কোনো পথ নেই। বিজেপি সেই লক্ষ্যে কাজ করে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *