হোটেল ওলিওর বোমা প্রস্তুতকারক গ্রেফতার

হোটেল ওলিওর বোমা প্রস্তুতকারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে হামলা চেষ্টার ঘটনায় নব্য জেএমবির এক বোমা প্রস্তুতকারককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। গত পনের আগস্টে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে হামলা চেষ্টার তথ্যে ওই হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ‘অপারেশন বাইট’ চলাকালীন আত্মঘাতী হয়েছিল এক জঙ্গি। পুলিশ বলছে, গ্রেফতার মামুন (২১) ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে হামলা চেষ্টার পরিকল্পনাকারীদের অন্যতম। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে হাউস বিল্ডিংয়ের কাছের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের খবরের ওয়েবসাইটে ডিএমপি নিউজে জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামুনকে নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা ও শুরা সদস্য দাবি করে ডিএমপি নিউজের খবরে বলা হয়, তিনি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেওয়া ও নাশকতামূলক হামলা পরিকল্পনার দায়িত্বে নিয়োজিত ছিল। গত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলার মধ্যেই পাশে পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণে নিহত হয় আত্মঘাতী হামলাকারী সাইফুল।

সেই বোমাটি তৈরি করার কথা মামুনই স্বীকার করেছে বলে জানিয়ে পুলিশের ভাষ্য, ঢাকায় আবারও বড় ধরনের নাশকতামূলক হামলার উদ্দেশ্যে মামুন উত্তরায় আত্মগোপন করে অবস্থান করছিল। হোটেল ওলিওতে বিস্ফোরণের ঘটনায় এর আগে গত ১৯ নভেম্বর তানভির ইয়াসিন করিম নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *