আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ফখরুল

আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ফখরুল

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করার চেষ্টা করতে পারে, তাই সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারো কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ডিসেম্বর বুধবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকায় মোহাম্মদপুর মাতৃগাঁওয়ে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কোনো বন্দুক পিস্তল অস্ত্র নেই, শুধু রয়েছে ভোটের দিনে একটি ব্যালট পেপার। যা দিয়ে সরকার পরিবর্তন করা যেতে পারে। তাই সরকার পরিবর্তনের জন্য আগামী ৩০ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরো বলেন, গত ১০ বছর আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে রয়েছে। তারা গত ১০ বছরে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থাকে ধ্বংস করে মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করেছে। অন্যায় ও শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। তাই নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতে বেঁচে থাকার অধিকার ঠিক করতে হবে। এ জন্য গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবার জোট বেঁধে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগ চালাতে গিয়ে তার গাড়িবহরে হামলা হয়। হামলার সত্যতা নিশ্চিত করলেও কারা হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি স্থানীয় পুলিশ।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে হামলা চালানো হয়। ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। মির্জা ফখরুলের সফরসঙ্গী কমপক্ষে ১০ জন আহত হন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দু-তিনটা গাড়ি ভাঙচুর হওয়ার খবর পেয়েছি। তবে কারা গাড়ি ভেঙেছে সেটা তদন্ত-সাপেক্ষে বলা যাবে। এছাড়া গতকালের নির্বাচনী প্রচারণায় ফরিদপুর ও নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত হন দুজন।

এসব ঘটনার জন্য ‘বিব্রত’ বোধ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসায় পরিণত না হয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

সিইসি বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয়েছে। যেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা বিব্রত। এটা কখনও কাম্য হতে পারে না। একটা মানুষের জীবন সমস্ত নির্বাচনের চেয়ে মূল্যবান। সারাদেশে যে ৩০০টি আসনে নির্বাচন হবে সেটার যে মূল্য, আমরা মনে করি একটা মানুষের জীবনের মূল্য তার চেয়ে বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *