ভারতের কোন রাজ্যেই বিজেপির অস্তিত্ব নেই : মমতা

ভারতের কোন রাজ্যেই বিজেপির অস্তিত্ব নেই : মমতা

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেমিফাইনালে এটা প্রমাণিত হয়েছে যে, কোনো রাজ্যেই বিজেপির অস্তিত্ব নেই। এটাই ২০১৯ সালের ফাইনাল ম্যাচের চূড়ান্ত গণতান্ত্রিক ইঙ্গিত। শেষ পর্যন্ত এখানে ভোটাররা ম্যান অব দ্য ম্যাচ। জয়ীদের অভিনন্দন।

এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাধ্যমে বিজেপির শেষের শুরু হলো। এটা গণতন্ত্রের জয়। বিজেপির অবিচার এবং নৃশংসতা, প্রতিষ্ঠান ধ্বংস, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জয়। কৃষক, ছাত্র, যুব দলিত কারো কোনো কর্ম নেই। সবাই বিজেপিকে জবাব দিয়েছেন।

দীর্ঘ দিন ধরেই বিজেপির বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। বিজেপিকে পরাস্ত করতে বিভিন্ন বিরোধীদলকে এক ছাতার তলায় আনার কাজ শুরু করেছেন তিনি। সোমবারও দিল্লিতে গিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিজেপি বিরোধী জোট গঠন করতে প্রধান ভূমিকা পালন করছেন মমতা। এর আগেও দিল্লি গিয়ে একাধিকবার বৈঠক করেছেন তিনি। বিভিন্ন রাজ্যের নেতারাও পশ্চিমবঙ্গ সফর করেছেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসায় তৎপর হয়েছে বিরোধীরা।

কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কংগ্রেস এবং জেডিএস জোট গঠন করে। বিজেপিকে রুখতে অনেক বেশি আসন পেয়েও জোট সঙ্গীকেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেয় কংগ্রেস। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা, সোনিয়া ও রাহুল গান্ধি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির এই হারের নেপথ্যে একাধিক কারণ রয়েছে। তারা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। সাধারণ মানুষকে আঘাত করেছে। নোট বাতিলের মতো পদক্ষেপের সঙ্গে লড়াই করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বিজেপি। এর বিরুদ্ধে সমস্ত আঞ্চলিক দলকে এক হয়ে লড়তে হবে। একটি শক্তিশালী ফেডারেল ফ্রন্ট গঠন করার মানে একটি শক্তিশালী ভারত গঠন করা। পুরো দেশ থেকে বিজেপির শক্তি কমে আসছে, অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। লোকসভা ভোটে বিজেপিকে ছুঁড়ে ফেলার অপেক্ষা করছে মানুষ।

এর আগে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ায়ড়িতে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সিপিএমকে বিদায় দিয়েছি, বিজেপিকেও আগামীদিনে বিদায় দেবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার।

বিজেপি’র তৎপরতা প্রসঙ্গে সবাইকে সতর্ক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁরা কতটা বিপজ্জনক তা আপনারা জানেন না। ওঁরা আপনাদের ভিটেমাটি বিক্রি করে দেবে। মাথায় রাখবেন। ওঁরা কোনও কাজ করবে না। ওঁরা হনুমানের সঙ্গে দলিতদের তুলনা করছে! ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *