পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলেমরা উম্মতকে ঘৃণা করতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নবনির্বাচিত কার্যকরী সভাপতি, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন।
তিনি বলেন, এই দেশের সাধারণ জনগণ একসময় আলেমদের ভালোবাসতো, আলেমদের কথা শুনতো। কিন্তু এখন সাধারণ মানুষ ও আলেম সমাজ মুখোমুখি হয়ে পড়েছে, যা বর্তমান সমাজে অনেক বড় বিপর্যয় ডেকে আনবে। আর এর একমাত্র কারণ হলো, আলেমরা এখন উম্মতকে নিজেদের কাছে ডাকেন না, বরং তাদের দূরে ঠেলে দিয়ে ঘৃণা করতে শুরু করেছেন। অথচ তাদের দায়িত্ব উম্মতের কাছে যাওয়া, উম্মত আসলো কি আসলো না তা গুরুত্বপূর্ণ নয়, আলেমদের যেতে হবে উম্মতের কাছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা, ঢাকা মহানগরী আয়োজিত পরামর্শ সভায় তিনি একথা বলেন।
মাওলানা মাকনুন বলেন, সাধারণ মানুষরা আজ দ্বীনের ক্ষেত্রে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবতে শুরু করেছেন। তারা ঘোষণা দিচ্ছেন, নিজের পিতার জানাযার নামায তারা নিজেরাই পড়াতে পারেন। এটা ভালো, যেকোন দেশের আলেমদের জন্য এটা গৌরবের যে, তার দেশের সাধারণ মানুষ নিজের পিতার জানাযার নামায নিজেই পড়াতে পারে। কিন্তু এই বক্তব্যের পেছনে যে প্রচ্ছন্ন ধারণাটি কাজ করছে, তা আলেমদের জন্য যথেষ্ট বিব্রতকর।
একটি সুন্দর স্থিতিশীল আলোকিত সমাজ গঠনে আলেম জনতার ঐক্য অপরিহার্য। আর এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জমিয়তুল উলামার প্রতিষ্ঠা। তবে সত্য কথা হলো, আলেম-জনতার ঐক্য আজ বিনষ্টের পথে। এভাবে চলতে থাকলে আলেমদের অস্তিত্ব সংকটে পড়তে হবে।
সংকট নিরসনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী ও নেতৃবন্দের এই সংকটে আলোর মশাল হাতে এগিয়ে এসেছে। পূর্বের ন্যায় আরো জোরালোভবে এই ভয়াবহ সংকট নিরসনে কাজ করতে হবে। সাধারণ জনতার সাথে আলেমদের সম্পর্ক আরো নিবিড় করে তুলতে হবে।
এই করোনাকালে ইন্তেকাল করা সবার মাগফিরাত কামনা করেন। বিশেষত বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা আবু সুফিয়ান যাকী রহ., মাওলানা কেফায়াতুল্লাহ নূর রহ. ও জমিয়তের জানবাজ কর্মী ফেনীর মাওলানা ইবরাহীমের এর রূহের মাগফিরাত কামনা করেন।
ঢাকা মহানগরী আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
সাংবাদিক মাসউদুল কাদিরের সঞ্চালনায় ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফীর সভাপতিত্বে পরামর্শ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ঈবরাহিম শিলিস্তানি, মহানগরীর নব নির্বাচত জেনারেল সেক্রেটারি মাওলানা শোয়াইব, সহকারী সংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, জামিআ ইকরা বাংলাদেশ সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমীসহ আরো অনেকে। এছাড়াও পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সদস্য, কর্মী ও নেতৃবন্দ।

