পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীর কাছে তিনি এই দোয়া চান।
বিবৃতিতে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আহমদ শফী হুজুর আমাদের সবার জন্য ছায়াস্বরূপ। তিনি দল মত নির্বিশেষে ইসলামপ্রিয় সব মানুষের মুরুব্বি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামতস্বরূপ। তাঁর সুস্থতার জন্য আমরা সকলেই আল্লাহ তায়ালার কাছে দোআ করব।’
উল্লেখ্য, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে। তাকে ঢাকায় আজগর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে অসুস্থবোধ করায় শনিবার (১১ এপ্রিল) তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।


