পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে দেখতে হাসপাতালে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর এই সুযোগ্য সাহেবজাদা হযরতের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন।
মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের দ্রুত পরিপূর্ণ আরোগ্য কামনায় পবিত্র কুরআন খতম, দরুদ শরীফ, জিকির-আজকার করে বিশেষ মোনাজাত করা হয়েছে। ইনশাআল্লাহ তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা আবার একসাথে কাজ করার সুযোগ পাবো।
হাসপাতালে সাক্ষাতকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমীনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, মুফতি রুহুল আমীন একজন দেশ বরেণ্য ও হক্কানী আলেম। তিনি দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) এর কনিষ্ঠ পুত্র এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের সদস্য। এমন একজন যোগ্য আলেমকে জাতীয় মসজিদের খতীব নিযুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করছি।


