আল্লামা মাসঊদের উদ্যোগে দিনাজপুরে বিশজোড়া যৌতুকবিহীন বিয়ে
আদিল মাহমুদ : ফুরফুরে সকালের স্নিগ্ধ সমিরণে কী আনন্দ বিরাজ করছিলো দিনাজপুরের বীরগঞ্জে। অস্থির সময়ের সব পাঠচুকে যেনো মানুষ ভেঙে পড়েছিল যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য।
আলোকোজ্জ্বল বিশজোড়া তরুণ তরুণী নববিবাহের এক চমৎকার সময়ে একত্র হলেন। আল্লাহ তাআলা এই ধরনের যৌতুকবিহীন বিয়েতে রেখেছেন অনেক বরকত। বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর তত্ত্বাবধানে দিনাজপুরের বীরগঞ্জে ২০ জোড়া বিয়ে প্রদান করা হয়েছে। বিয়ের এই সুন্দর আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১)।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী এই বিশজোড়া নারী-পুরুষের বিয়ের সব তদারকি করেন। জেলা প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের আশির্বাদ আমাদের এলাকার জন্য। তিনি মানবতার বন্ধু। আমাদের দিনাজপুরের কথাও ভাবেন। এখানকার অসহায় গরিব ও দরিদ্র মানুষেরাও আল্লামা মাসঊদকে ভালোবাসেন।
কেবল বিয়ের আয়োজন নয়, অতিথিদের কথামালা শোনার ব্যবস্থা নয়। বর কনেকে দেয়া হয়েছে সেলাই মেশিন, ছাগল, লেপ- তোশক, হান্ডি পাতিলসহ আরও প্রয়োজনীয় আসবাবপত্র।
স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি নতুন বিবাহবন্ধনে আবদ্ধ তরুণতরুণীদের সামাজিক জীবনে সর্বোত সাফল্য কামনা করেন। তিনি তাদেরকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরকম একটি সুন্দর আয়োজন উপহার দেয়ায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে অভিনন্দনও জানান তিনি। তিনি মনে করেন, এ জাতীয় উদ্যোগে আমাদের সমাজ সুন্দরের পথে হাঁটবে। সমাজ কুসংস্কারমুক্ত হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। তারা আবেগঘন এই যৌতুকবিহীন বিয়ে নিয়ে ছিলেন দারুণ কৌতূহলী। দিনাজপুরে এটাই নতুন নয়। আরও বেশ কয়েকবার এ জাতীয় যৌতুকবিহীন বিয়ের আয়োজন হয়েছে ওই এলাকায়। তবে কখনোই এ জাতীয় বিয়ে অনুষ্ঠানের প্রতি মানুষের কৌতূহল কমেনি।
প্রসঙ্গত. এ দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় তরুণতরুণীদের মধ্যে যারা খরচের ভয়ে বৈবাহিক জীবন গঠন করতে পারেন না তাদের জন্যই যৌতুকবিহীন বিয়ের এই উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ পর্যন্ত কয়েকজন হাজার যৌতুকবিহীন বিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের এ সেবা পেয়ে আসছে সাধারণ অসহায় মানুষেরা।
সম্পাদনা : মাসউদুল কাদির



