আল্লামা মাসঊদের উপস্থিতিতে কাবা ইমামের সঙ্গে জমিয়তুল উলামার বৈঠক অনুষ্ঠিত

আল্লামা মাসঊদের উপস্থিতিতে কাবা ইমামের সঙ্গে জমিয়তুল উলামার বৈঠক অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট (মক্কা থেকে) : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর নেতৃত্বে বাংলাদেশ জমিয়তুল উলামার একটি প্রতিনিধি দল কাবা শরীফের ইমাম ড. ফায়সাল জামিল গাজায়ীর দাওয়াতে নৈশভোজে অংশ করেন।

সোমবার (৫ আগস্ট) বাদ মাগরিব ড. ফায়সাল জামিল গাজায়ী নিজ বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। এসময় কাবা শরীফের ইমামের সঙ্গে বাংলাদশে জমিয়তুল উলামার বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলাদেশ জমিয়তুল উলামার পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য ও জমিয়ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তার কাছে তুলে ধরেন।

মুসলমানদের নেক ও এক হওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আজ সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ ও মিল্লাতে ইসলামিয়ার বড়ই দুর্দিন। পৃথিবীব্যাপী বাতিল ও শয়তানি শক্তিসমূহ এক হয়ে এই উম্মতকে ধ্বংস করতে উদ্যত। পাশ্চাত্যে ইসলামোফোবিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ধর্মীয় স্থানসমূহ পর্যন্ত আক্রমণের শিকার। মুসলিম হিসেবে জীবন-যাপন ক্রমেই দুষ্কর হয়ে উঠছে।

মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি। এখন কি সময় হয়নি আমাদের, আল্লাহর কাছে ফিরে আসার?

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় দেশ। বর্তমান সরকার বিশিষ্ট উলামাদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছেন। আমাদের প্রত্যাশা বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে উপস্থাপন করার।

এসময় বাংলাদেশ জমিয়তুল উলামার প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নিং বোর্ডের সাবেক সদস্য, বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা শামসুল হুদা খান প্রমুখ।

উল্লেখ, ৫ আগস্ট সোমবার ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৫৮ সদস্যের উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল। সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনে ধর্মীয় পরামর্শ দিতে তাদের পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *