পাথেয় রিপোর্ট : শোকরিয়া মাহফিলে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফিকে স্বাধীনতা পদক দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আজ ০৪ নভেম্বর রোববার দুপুরে হাইয়াতুল উলইয়া আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে শোকরিয়া মাহফিলে এ দাবী জানান আল্লামা মাসঊদ।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়নি। অামি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই অামাদের সবার নেতা, মাথার মুকুট, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আহমদ শফিকে স্বাধীনতা পদক দেয়া হোক।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো একটি দাবী তুলে ধরেন আল্লামা মাসঊদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সবই দিয়েছেন, আপনার প্রতি আমাদের আরও একটু চাওয়া আছে। আমরা আপনার কাছে ইমামদের পাঁচ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের তিন হাজার টাকা ভাতা দেয়ার দাবি জানাচ্ছি।এই টাকাটা তাদের দিলে তারা মোটামুটিভাবে জীবন যাপন করতে পারবে। এতে খুব বেশী টাকার প্রয়োজন হবে না। সরকার চাইলেই তা দিতে পারে।
তিনি বলেন, অামারা হিসেব করে দেখেছি দেশের সব ইমাম ও মুয়াজ্জিনকে ভাতা দিলে সরকারের ৫০০ থেকে ৭০০ কোটি টাকা খরচ হবে। যা খুবই কম। এই টাকাটা নির্ধারণ করলে ইমাম মুয়াজ্জিনদের জন্য বেশ সুবিধা হয়। এখনো বাংলাদেশে অনেক গ্রাম এমন আছে যেখানে ইমাম মুয়াজ্জিনদের বেতন ৫০০ বা ১০০০ টাকার মতো আছে। তাদের একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য অাপনি এ ইমাম ও মুয়াজ্জিন ভাতাটা নির্ধারণ করে দেবেন বলে আমরা অাশা রাখি।
এসময় রোহিঙ্গাদের কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আপনি মানবতা দেখিয়েছেন। এমন নযীর আর কোথাও নেই। আপনি তাদের জন্য ব্যাথিত হয়েছেন। তাদেরকে আগলে রেখেছেন। আপনি বলেছেন, ১৬ কোটি মানুষকে খাওয়ানো সম্ভব হলে ৮ লাখ মানুষের খাওয়ার অভাব হবে না। অাপনি বঙ্গবন্ধু কন্যা আপনার হৃদয়টাও তার মতােই উদার। যে উদারতার সবচেয়ে বড় প্রমাণ আপনি দেখিয়েছেন কওমি সনদের স্বীকৃতি প্রদান করে। তাই আমরা আপনার জন্য দুআ করি এবং অাপনার শুকরিয়া আদায় করি।
এর আগে সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের এ শোকরানা মাহফিল শুরু হয়।
কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া।


