আসুন শবে বরাতে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেই : আল্লামা মাসঊদ

আসুন শবে বরাতে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেই : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : পবিত্র শবে বরাতে নিজেদের হিংসা বিদ্বেষ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, পবিত্র শবে বরাতে আমল গ্রহণযোগ্য হতে হলে হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। মনের ভেতরে হিংসা রেখে, বিদ্বেষ পোষণ করে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না। সবার আগে বান্দাকে আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা অর্জন করতে হয়। বিদ্বেষ নয় আসুন ভালোবাসা ছড়াই।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, শবে বরাতের বরকত রহমত আর তাহাজ্জুদের বরকত রহমতের মধ্যে পার্থক্য নেই। প্রতি রাতেই আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন শেষ রাতে। বুজুর্গগণ প্রতিটি রাতকেই শবে বরাত, শবে কদরের মতো মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রত্যেক রাতে আল্লাহকে ডাকার তাওফিক দিন। তাহাজ্জুদ পড়ার তাওফিক দিন।

পরিবারের কর্তা মা-বাবার প্রতিও আমরা খেয়াল রাখি না উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমরা কিছুতেই নিজের মা-বাবার বিরাগভাজন হবো না। মা-বাবাই জীবনের সব। তারা খুশি থাকলেই সন্তানের জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে।
কেবল শবে বরাত এলেই আর মা দিবস, বাবা দিবস এলেই মা-বাবার খোঁজ নেওয়া ঠিক নয় জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, যারা দ্বীনদার তারা সবসময় মা-বাবাকে মূল্যায়ন করেন। সম্মান করেন। মা-বাবাও সবসময় সন্তানের জন্য দুআ করেন।

আজকাল কিছু ছেলেমেয়েরা নিজের মা-বাবা যে কত বড় সম্পদ তা বুঝতে পারে না। একবার তাদের ভালোবেসে দেখুন। নিজের মতো করে ভাবুন। তেখন হৃদয়ের কোণে প্রশান্তি পাবেন।

গ্রন্থনা : নুরুল ইসলাম শ্রীপুরী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *