আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট :: দেশের প্রায় সবখানে ভয়াবহ শীতের প্রকোপে আক্রান্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি এক বিবৃতিতে বলেন, টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যাদের গরম কাপড় নেই তারা কম শীতেও কষ্ট পায়। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মোমিন হিসেবে আমাদের দায়িত্ব।
২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমরা ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের মাধ্যমে ইনশাআল্লাহ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি। আরও করতে চাই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অনেক ইবাদত।
দেশের বিত্তবানদের শীতার্তের দুরবস্থাকে উপলব্ধি করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, যাদের অর্থ আছে, যাদের পুরনো কাপড় আছে, যাদের রোজগারের পরও কিছু অর্থ থেকে যায় তাদের দায়িত্ব শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা। একবার শীতার্তের পাশে দাঁড়িয়ে দেখুন, আপনিও আনন্দিত হবেন।


