ইউটিউব মাওলানা হওয়া থেকে বেঁচে থাকুনঃ আল্লামা মাসঊদ

ইউটিউব মাওলানা হওয়া থেকে বেঁচে থাকুনঃ আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মুসলমানদেরকে ইউটিউবে পাওয়া মাসআলার উপর নির্ভর না করে সশরীরে আলেমদের থেকে মাসআলা জেনে নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ সকালে হাজীপাড়া ঝিল মসজিদে ঈদের নামাযপূর্ব বয়ানে তিনি একথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, আজকাল সাধারণ মানুষ আমরা অনেকে ইউটিউব থেকেই মাসআলা-মাসায়েল শিখছি। ‘ইউটিউব মাওলানা’ হয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই এটা বিরাট ভুল। ইউটিউব দেখে কেউ যদি সার্জারি করা শুরু করে, ইউটিউবে ডাক্তারি বিদ্যা ও কলাকৌশলের অনেক জ্ঞান রয়েছে, তাহলে এটা যেমন ভুল হবে, ঠিক তেমনিভাবে ইউটিউব দেখে আমি নিজেকে আলেম মনে করলাম, এটাও একটা ভুল ধারণা হবে। হ্যাঁ, অনেক সময় ইউটিউব থেকে শেখা মাসআলা সঠিকও হতে পারে, কিন্তু ভুল হওয়ারও প্রচুর সম্ভাবনা রয়েছে। এই ভুল-শুদ্ধ নিরূপণের যোগ্যতা তো আর আমাদের নেই।

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবনের ক্ষতি সম্পর্কে মুসুল্লীদের সতর্ক করে আল্লামা মাসঊদ বলেন, একজন রোগীর শারীরিক-সার্বিক অবস্থা বুঝে একজন ডাক্তার যেভাবে তার জন্যই কেবল যথোপযুক্ত নির্দিষ্ট কিছু ওষুধ বাতলে দেন, ঠিক তেমনি অনেক সময় ফতওয়া হয় ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির অবস্থার উপর একটি মাসআলার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। একজনের জন্য বলা মাসআলা-সমাধান অনেক সময় অন্যজনের জন্য সঠিক হয় না।

তাই আমরা নিজের সমস্যার সমাধানে ইউটিউবে শেখা মাসআলার উপর আস্থা না করি। আমাদের যদি কোন মাসআলা জানার প্রয়োজন পড়ে, তবে আল্লাহর মেহেরবানী, আলহামদুল্লাহ আমাদের দেশে প্রচুর আলেম-উলামা আছেন, তাদের কাছেই সরাসরি আমরা সেই মাসআলা জেনে নেই। এর সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে, আমার প্রশ্নের যে উত্তরটি আমি পাবো, সেই উত্তরের পরেও যদি আমার ফিরতি কোন প্রশ্ন থাকে, তাহলে সেটাও আমি জিজ্ঞেস করে জেনে নিতে পারবো। এভাবেই আমি আমার জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবো। এই সুবিধাটা তো আর ইউটিউবে আমি পাচ্ছি না।

শরিকী কুরবানীর ক্ষেত্রে সমস্ত শরীকদের নিয়তের বিশুদ্ধতার প্রতি গুরুত্বারোপ করে ফিদায়ে মিল্লাতের অন্যতম খলীফা আল্লামা মাসঊদ বলেন, নিয়তের বিশুদ্ধতার বিষয়টি এতো গুরুত্বপূর্ণ যে, শরীকদের নিয়তের উপর আস্থা না হলে আমরা বরং একা একটি ছোট খাসি কুরবানী করবো। কুরবানীর পশু জবাইর পূর্বমুহুর্তেও সমস্ত শরীক নিজেদের নিয়তের বিশুদ্ধতা যাচাই করে বিশুদ্ধ নিয়ত মনের মাঝে স্থির করে নেবো, যেন আমার নিয়তের গোলমালের কারণে আমার ভাইয়ের কুরবানীটাও নষ্ট না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *