পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ।
বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
ইমাম-মুয়াজ্জিনদের দাবির প্রতি সম্মতি জানিয়ে সভার প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইমামদেরকে মানুষ যে মর্যাদা ও সম্মান দেয়, সেটা অন্য কাউকে দেয় না। আর মর্যাদা দেবেই না কেন? আল্লাহ তাআলা নিজে ইমামদের মর্যাদা দিয়েছেন। তাই তো আমাদের নবীজী (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) ইমাম ছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে আমি যতটুকু জানি তিনি জনগণের উন্নয়নে তাদের দাবি বাস্তবায়নের পিছপা হন না। তিনি কওমি মাদরাসার স্বীকৃতি দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।
ঐক্য পরিষদের দাবিগুলো হলো দেশের সাড়ে তিন শ সরকারি কলেজ জামে মসজিদের সাড়ে পাঁচ শ ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ করা। ইমামদের প্রথম শ্রেণির নন–ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের তৃতীয় শ্রেণি ও খাদিমদের চতুর্থ শ্রেণির পদমর্যাদা দান। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সংশোধন-পরিমার্জন করে যুগোপযোগী তথা সার্ভিস নীতিমালা প্রণয়ন। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেকোনো দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করা। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে তহবিল পাঁচ শ কোটি টাকায় উন্নতি করা।
সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাছিম প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক, বিয়ানীবাজার সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোশাহিদ আহমদ আলতাফ, সিলেট আইন কলেজ মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, কারিগরি কলেজ মসজিদের ইমাম মাওলানা কে এম রহমতুল্লাহ, বড়লেখা সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।


